কলকাতার বস্তির মানুষ পানীয় জল পাচ্ছেন না ধর্মীয় কারণে, রাষ্ট্রপুঞ্জে নালিশ সমিরুলের
কলকাতা বেলগাছিয়ার জ্যোতি নগর কলোনিতে পানীয় জল পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ তুলে সরাসরি রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের (OHCHR) দ্বারস্থ হলেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেস সাংসদ সমিরুল ইসলাম। এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত চিঠির কপি পোস্ট করে তিনি অভিযোগ করেছেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ওই কলোনির বাসিন্দারা সরকারি পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন।
সমিরুল ইসলামের দাবি, জ্যোতি নগর কলোনির বাসিন্দারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত এবং তাঁরা বিজেপির সো-কল্ড ‘ভোট ব্যাংক’-এর অংশ নন বলেই পরিকল্পনা করে পাইপলাইনের পানীয় জল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং তা আর চালু করা হয়নি। চিঠিতে তিনি উল্লেখ করেন, প্রায় দুই মাস ধরে এই এলাকার অন্তত পাঁচ হাজার বাসিন্দা চরম জলসংকটে ভুগছেন। স্থানীয়ভাবে এক-দুটি সংস্থা নিজস্ব উদ্যোগে বাইরে থেকে ট্যাঙ্কারের মাধ্যমে সাময়িক জলের ব্যবস্থা করলেও তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল। ফলে শিশু, প্রবীণ ও সম্পূর্ণ পরিবারগুলি চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
চিঠিতে আরও বলা হয়েছে যে, স্থানীয় প্রশাসনের কাছে বারবার আবেদন জানানো সত্ত্বেও দীর্ঘস্থায়ী কোনও সমাধান মেলেনি। এটি কেবল পুর পরিষেবা বা পরিকাঠামোগত সমস্যা নয়, বরং মৌলিক মানবিক অধিকার হরণ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করেছেন সাংসদ। পরিচ্ছন্ন পানীয় জল পাওয়ার অধিকার একটি স্বীকৃত আন্তর্জাতিক মানবাধিকার। দীর্ঘদিন ধরে অনিয়মিত ও অপর্যাপ্ত জলের কারণে কলোনিতে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং মহামারী বা ছোঁয়াচে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংস্থাকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে কারণ দর্শানো এবং স্থায়ী পানীয় জল সংযোগ সুনিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। সৌজন্যে দি ওয়াল।

