কলকাতা 

সাউথ পয়েন্ট স্কুলে সহপার্টিকে ছুরি দিয়ে আক্রমণ, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি নবম শ্রেণীর ছাত্র!

শেয়ার করুন

কলকাতার নাম করা ইংরেজি মিডিয়াম এক স্কুলে দুই সহপাঠীর মধ্যে বচসা কে কেন্দ্র করে রক্তারক্তি কান্ড ঘটে গেছে।

জানা গিয়েছে, সাউথ পয়েন্ট হাই স্কুলে এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে বুধবার। অভিযুক্ত নবম শ্রেণির এক শিক্ষার্থী। স্কুল সূত্রে খবর, বুধবার দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ ক্লাসরুমে ক্লাসশিক্ষকের উপস্থিতিতেই এক ছাত্র তার এক সহপাঠীকে আচমকা ধারালো বস্তু দিয়ে আঘাত করে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আক্রান্ত ছাত্রটি।

স্কুল থেকে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আচমকা এই হামলার ফলে আহত ছাত্রটির শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। উপস্থিত শিক্ষকেরা তাকে সঙ্গে সঙ্গে স্কুলের প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে নার্সরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্কুলের প্রবীণ শিক্ষক ও কর্মীরা দ্রুত তাকে কাছের হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে আহত ছাত্রটির অভিভাবকেরাও হাসপাতালে পৌঁছোন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং স্কুল কর্তৃপক্ষ সবসময় পরিস্থিতির উপর নজর রাখার পাশাপাশি পরিবারটিকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। যদিও কী কারণে বচসা, তার সঠিক কোনও কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বই নিয়ে কোনও বচসা শুরু হয়েছিল নবম শ্রেণির ওই দুই পড়ুয়ার মধ্যে। সেখান থেকেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান।

হামলাকারী ছাত্রটিকে ঘটনার পরেই ক্লাসরুম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলের অভিজ্ঞ মনস্তত্ত্ববিদেরা ওই অভিযুক্ত ছাত্রকে কাউন্সিলিংও করেন। পরে তার বাবা তাকে বাড়িতে নিয়ে যান। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সাউথ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষের তরফে গড়িয়াহাট থানায় একটি লিখিত রিপোর্ট দায়ের করা হয়েছে।

শ্রেণিকক্ষের মধ্যে এমন অনভিপ্রেত ও হিংসাত্মক ঘটনায় স্তম্ভিত সহপাঠী, শিক্ষক ও অভিভাবকমহল। স্কুলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রভাবিত অন্যান্য শিক্ষার্থীকে মানসিক ও আবেগজনিত ট্রমা কাটিয়ে উঠতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে। সব শিক্ষার্থী ও কর্মীর জন্য একটি নিরাপদ এবং সহানুভূতিশীল পরিবেশ বজায় রাখতে স্কুল কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলেই জানানো হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ