কলকাতা 

নাবালিকার সন্তান প্রসব, বাগদায় স্বামী গ্রেফতার – বাল্যবিবাহ রুখতে রাজ্যজুড়ে অভিযান

শেয়ার করুন

এস রোজলিন:কলকাতা : বাল্যবিবাহ ও নাবালিকাদের মাতৃত্ব রুখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে অভিযান। মেদিনীপুর, কলকাতার পর এবার সেই তালিকায় যুক্ত হল উত্তর ২৪ পরগনার বাগদা। নাবালিকার সন্তান প্রসবের ঘটনায় স্বামীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ঘটনাটি ঘটেছে বাগদা গ্রামীণ হাসপাতালে।সূত্রের খবর, দিন কয়েক আগে প্রসব যন্ত্রণা নিয়ে ওই নাবালিকাকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। তখনই হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পারে প্রসূতির বয়স মাত্র ১৭ বছর। সোমবার ওই নাবালিকা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মানোর পরেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বাগদা থানায় অভিযোগ জানানো হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে ওই নাবালিকার স্বামী সুভান দাসকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বয়স ২৫ বছর বলে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কবে ওই নাবালিকার সঙ্গে সুভানের বিয়ে হয়েছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত, তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে পরিসংখ্যান দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, বাল্যবিবাহ ও নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনায় দেশের মধ্যে রাজ্যের স্থান প্রথম। এই ধরনের ঘটনা এড়াতে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘১৮ বছরের কমে কোনও মহিলা সন্তানের জন্ম দিলে সরকার ছাড়বে না। বাড়ি থেকে তুলে আনা হবে। আর আঠারো বছরের কম বয়সে বিয়ে করলে তো পকসো আইনে আগে জেলে যাবে।’ তার পর থেকেই পদক্ষেপ করতে শুরু করেছে পুলিশ। মেদিনীপুর, কলকাতা-সহ রাজ্যের একাধিক জায়গা থেকে নাবালিকাদের সন্তান প্রসবের ঘটনায় ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ