এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন শুনে দু সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের
এসআইআরে নাম বাদ যাওয়া হজযাত্রীদের আবেদন দ্রুত শুনতে হবে। সোমবার ট্রাইবুনালকে এমনটাই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্ভব হলে ওই হজযাত্রীদের আবেদনগুলির প্রেক্ষিতে দু’সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্যও ট্রাইবুনালকে পরামর্শ দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও।
পশ্চিমবঙ্গে এসআইআর পর্বে যাঁদের নাম বিবেচনাধীন তালিকায় ছিল, সেগুলির নিষ্পত্তির জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত হয় এসআইআর আপিল ট্রাইবুনাল। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই ট্রাইবুনাল গঠিত হয়। কিন্তু ট্রাইবুনালে খুব শ্লথগতিতে কাজ চলছে বলে আগেও বার বার অভিযোগ উঠেছে। এ অবস্থায় হজযাত্রীদের একাংশ হাই কোর্টের দ্বারস্থ হন।
মামলাকারী হজযাত্রীদের দাবি, ভোটার তালিকায় নাম না-থাকায় পাসপোর্ট এবং হজের জন্য ভিসা পেতে সমস্যা হচ্ছে তাঁদের। ভোটার তালিকায় নাম তোলার জন্য তাঁরা ট্রাইবুনালে আবেদনও করেছেন। কিন্তু সেখানে থেকে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি বলে অভিযোগ মামলাকারী হজযাত্রীদের। মামলাকারীদের বক্তব্য, তাঁরা উপযুক্ত নথি নিয়েই ট্রাইবুনালে আবেদন করেছিলেন। কিন্তু সেখানে শুনানি হয়নি। ফলে তাঁদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
এ অবস্থায় সোমবার মামলাটি শুনানির জন্য উঠলে ট্রাইবুনালকে ওই হজযাত্রীদের আবেদন দ্রুত শোনার জন্য বলেন বিচারপতি। তাঁর মন্তব্য, হজযাত্রীদের আবেদন দ্রুত নিষ্পত্তি করে সিদ্ধান্ত জানাক ট্রাইবুনাল। বিচারপতি এ-ও জানান, সম্ভব হলে দু’সপ্তাহের মধ্যে ট্রাইবুনালকে সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়ে।
উল্লেখ্য, ভোটার তালিকায় নাম তুলতে বা বাদ দিতে এ রাজ্যে ট্রাইবুনালে কত আবেদন জমা পড়েছে, কত নিষ্পত্তি হয়েছে, সে বিষয়ে গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে তথ্য জমা দেয় নির্বাচন কমিশন। কোন জেলায় কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তারও হিসাব দিয়েছে কমিশন।

