টাটা সাম্রাজ্যে চরমে সংঘাত! ইস্তফা দেওয়া চন্দ্রশেখরনকেই ফের চেয়ারম্যান পদে চাইল টাটা সন্স!
গত ১২ অগস্ট টাটা শিল্পগোষ্ঠীতে নতুন করে ডামাডোলের ইঙ্গিত উস্কে দিয়ে পদত্যাগের ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, আগামী ২০ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়ার পরে আর টাটা সন্সের চেয়ারম্যান পদে থাকবেন না! কিন্তু বৃহস্পতিবার এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের জন্য চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ করার সিদ্ধান্ত ঘোষণা করল টাটা সন্স বোর্ড। কিন্তু টাটা সন্সের ওই সিদ্ধান্তকে নোয়েল টাটার নেতৃত্বাধীন টাটা ট্রাস্ট ‘বেআইনি’ বলে ঘোষণা করায় প্রকাশ্যে চলে এসেছে টাটা গোষ্ঠীর অন্তর্দ্বন্দ্ব।
প্রসঙ্গত, ৪০ হাজার কোটি মার্কিন ডলারের (প্রায় সাড়ে ৩৮ লক্ষ কোটি টাকা) টাটা গোষ্ঠীর মূল নিয়ন্ত্রক সংস্থা হল টাটা সন্স। ‘টাটা সন্স’ টিসিএস, টাটা মোটরস, এয়ার ইন্ডিয়া-সহ ৩০টি সংস্থা পরিচালনা করে থাকে। ‘টাটা সন্স’-এ ৬৬ শতাংশ অংশীদারি রয়েছে টাটা ট্রাস্টস-এর। গত ফেব্রুয়ারি মাসে চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছিল টাটা সন্স। টাটা ট্রাস্টস এবং টাটা সন্স-এর বিরোধের জেরেই চন্দ্রশেখরন পদত্যাগ করেছিলেন কি না, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল সে সময়।
প্রসঙ্গত, বছর দুয়েক আগে ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা এনবিএফসি-র (নন-ব্যাঙ্কিং ফিন্যান্সশিয়াল কোম্পানি) লাইসেন্স ছাড়তে চেয়ে রিজ়ার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কাছে আবেদন করেছিল টাটা সন্স।
সূত্রের খবর, সম্প্রতি তা খারিজ করেছে আরবিআই। যার জেরে এ বার শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারে দেশের এই ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠীর মূল সংস্থা। বছর শেষের আগেই তারা শেয়ার বাজারে ‘ইনিশিয়াল পাবলিক অফারিং’ (আইপিও) আনতে পারে বলে জল্পনা রয়েছে।

