দিল্লিতে ছাত্র যুবদের উপরে পুলিশি নির্যাতনের বিষয়ে সুপ্রিম হস্তক্ষেপ চাইলে প্রধান বিচারপতির জবাব ‘‘আমাদের সময় নষ্ট করবেন না’’
‘ককরোচ’ দলের (সিজেপি) সংসদ অভিযানে‘পুলিশি জুলুমের’ ঘটনায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ চাইলেন এক আইনজীবী। মামলা দায়ের করে জরুরি শুনানির আবেদন জানান তিনি। যদিও প্রধান বিচারপতি সূর্য কান্ত সেই আবেদন খারিজ করে বলেন, ‘‘আমাদের সময় নষ্ট করবেন না।’’
মঙ্গলবারে সংসদ অভিযানকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, তাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন করেছিলেন ওই আইনজীবী। প্রধান বিচারপতির বেঞ্চে তিনি তাঁর আবেদনের সপক্ষে কিছু ভিডিয়ো দেখাতে চান। তিনি দাবি করেন, এই ভিডিয়োগুলি ‘ককরোচ’ দলের সংসদ অভিযানের সময়কার। কী ভাবে পুলিশ শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি আটকাতে লাঠিচার্জ করেছে, তা রয়েছে ওই ভিডিয়োগুলিতে। যদিও প্রধান বিচারপতি সেই সব ভি়ডিয়ো দেখতে চাননি। তাঁর মন্তব্য, ‘‘ভিডিয়োতে আমাদের কোনও আগ্রহ নেই। আমাদের দেখার সময়ও নেই।’’
প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারী আইনজীবী জানান, নিটে প্রশ্নফাঁস, পরীক্ষা পরিচালনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সংস্কার-সহ একগুচ্ছ বিষয়কে সামনে রেখে প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা। সেই সময় প্রধান বিচারপতি ওই আইনজীবীকে থামিয়ে দেন। তাঁকে ‘ধন্যবাদ’ জানিয়ে বসে যাওয়ার অনুরোধ করেন। তখনই ওই আইনজীবী পুলিশের ‘অতিসক্রিয়তা’র অভিযোগ তুলে ভিডিয়োগুলি দেখাতে যান। তবে প্রধান বিচারপতি স্পষ্ট ভাষাতেই ভিডিয়োগুলি দেখবেন না-বলে জানান।
মঙ্গলবার দিল্লি হাই কোর্টেও একই বিষয়ে আবেদন করা হয়েছিল। পুলিশের পদক্ষেপের বিরুদ্ধে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় আদালত। মামলাকারীদের উদ্দেশে বিচারপতিদের মন্তব্য, ‘‘এই সব ব্যাপারে আদালতকে জড়াবেন না।’’

