কলকাতা 

সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর হাওয়া অফিস

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :: কলকাতার সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে এই বৃষ্টির পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। একই সঙ্গে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বর্ষাকালীন অক্ষরেখা হরিয়ানা, উত্তরপ্রদেশ হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত। এ ছাড়া, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে বিহার থেকে মণিপুর পর্যন্ত আরও একটি অক্ষরেখা গিয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টি চলবে।

কলকাতায় মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আগামী কয়েক দিন একই পূর্বাভাস রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। তবে বাঁকুড়া, দুই বর্ধমানে সোমবার এবং মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সমুদ্রে মৎস্যজীবীদের জন্য আপাতত আর কোনও সতর্কতা নেই।

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। ওই দিন হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রবিবার ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় কমবেশি বৃষ্টি চলবে। আগামী শুক্রবার এবং শনিবার কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৫ ডিগ্রি বেশি। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ