কলকাতা 

ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের পথে মমতা! ২ জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল নেত্রী

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : আগামী দুসরা জুন মঙ্গলবার কলকাতার রানী রাসমণি রোডে অবস্থান ধরনা কর্মসূচিতে বুঝতে চলেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আই আর এই ধরনা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের সদ্য প্রতিষ্ঠিত শুভেন্দু অধিকারীর সরকারের বিরুদ্ধে কার্যত সংঘাতের পথে আন্দোলনের পথে যাচ্ছেন তৃণমূল নেত্রী। সময়ের বিচারে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার প্রায় 29 দিন পর রাজপথকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত ভোট পরবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে তিনি আন্দোলনের পথে যাচ্ছেন বলে জানা গেছে।

এদিকে আজ শনিবার ৩০ শে মে সন্ত্রাস কবলিত এলাকাগুলিতে সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।।শনিবার থেকেই এই কর্মসূচি শুরু করছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বেলেঘাটা ও সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকার দুর্গত কর্মীদের সঙ্গে শনিবার দেখা করবেন তিনি। অন্যদিকে ২ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বীরভূমে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ধর্মতলায় অবস্থান কর্মসূচির জন্য কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছে। তবে সেই অনুমতি মিলবে কি না, তা নিয়ে দলের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। কারণ, এর আগেও রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে কলকাতার তিনটি পৃথক স্থানে অনুষ্ঠান করার আবেদন জানানো হলেও কলকাতা পুলিশ সেই আবেদন খারিজ করে দিয়েছিল।

উল্লেখ্য, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন ঘটে। ১৫ বছরের শাসক দল তৃণমূলকে পরাজিত করে রাজ্যে সরকার গঠন করে বিজেপি। ভবানীপুর কেন্দ্রেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫,১০৫ ভোটে পরাজিত হন মমতা। এরপর ৯ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু। তারপর থেকে কালীঘাটে নিজের বাসভবনে নেতাদের নিয়ে একের পর এক বৈঠক করেছেন মমতা। এ বার সরাসরি পথে নামছেন তিনি।

নির্বাচনী পরাজয়ের পর থেকেই তৃণমূলের অন্দরমহলে অসন্তোষ বাড়তে শুরু করেছে। দলের একাংশ নেতৃত্ব প্রকাশ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের ভূমিকা নিয়েও। একই সঙ্গে রাজনৈতিক মহলে জোরালো হয়েছে এই প্রশ্নও যে, রাস্তায় নেমে আন্দোলনের মাধ্যমে দলকে পুনরায় সংগঠিত করার চেষ্টা করবেন কি না মমতা? সেই পরিস্থিতিতেই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে একযোগে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ও অভিষেক।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ