নাগরিকদের জন্য কর্মসংস্কৃতির ব্যবস্থা করা উচিত তা না করে খয়রাতির আয়োজন করা হচ্ছে ক্ষোভ প্রকাশ করে বলল সুপ্রিম কোর্ট
দেশের বিভিন্ন রাজ্যে ‘খয়রাতি সংস্কৃতি’ নিয়ে ফের প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার করা একটি আর্জির প্রেক্ষিতে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “দেশের অধিকাংশ রাজ্যে রাজস্ব ঘাটতি সত্ত্বেও খয়রাতির রমরমা চলছে।”
তামিলনাড়ুর রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা রাজ্যের সব মানুষকে বিনামূল্যে বিদ্যুৎ দিতে চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। মামলাটির শুনানি হয় দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে।

তামিলনাড়ু সরকারের উদ্দেশে প্রধান বিচারপতির প্রশ্ন, “দেশে কী ধরনের সংস্কৃতি তৈরি করছি আমরা?” একই সঙ্গে তিন বিচারপতির বেঞ্চের সংযোজন, “আমরা বুঝতে পারছি, যাঁরা বিদ্যুতের বিল দিতে পারেন না, তাঁদের জন্যই আপনাদের এই উদ্যোগ। কিন্তু কে পারবেন (বিদ্যুতের বিল দিতে) আর কে পারবেন না, তা আলাদা না-করে আপনারা (পরিষেবা) দিতে শুরু করলেন। এটা কি তুষ্ট করার নীতি নয়?”
প্রধান বিচারপতি বলেন, রাজ্যগুলির উচিত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। যদি আপনারা সকাল থেকে বিনামূল্যে খাবার দেওয়া শুরু করেন, সন্ধ্যায় বিনামূল্যে সাইকেল দেন, তার পর আবার নিখরচায় বিদ্যুৎও দেন, তা হলে কে আর কাজ করবে? কর্মসংস্কৃতির কী হবে?” বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা একটি রাজ্যের কথা বলছি না। এটা সব রাজ্যের বিষয়েই বলা হচ্ছে।”

