ইসরাইলি হামলায় খামেনির ‘মৃত’ উপদেষ্টা প্রকাশ্যে! কিভাবে রক্ষা পেলেন সাক্ষাৎকারে বলেছেন শামখানি?
বাংলার জনরব ডেস্ক : ইসরাইলের হামলায় গত ১৩ জুন ‘মৃত্যু হয়েছিল’ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রধান উপদেষ্টা আলি শামখানির! শুধু ইসরাইলি সেনা নয়, ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে এই দাবি করা হয়েছিল। ঘটনার দু’সপ্তাহ পরে সেই ‘মৃত’ উপদেষ্টা ইরানের এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিলেন!
দুই দেশের যুদ্ধ চলাকালীন ইসরাইলের নিশানা ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তবে বাদ পড়েননি সে দেশের উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা, সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীরাও। প্রথম দিনের হামলাতেই শামখানির মৃত্যু হয়েছিল বলে প্রথমে দাবি করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। পরে ইরানেরও বিভিন্ন সংবাদমাধ্যমে একই দাবি করা হয়। কিন্তু সপ্তাহখানেক আগে জানা যায়, শামখানি মারা যাননি। ইসরাইলি হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে তাঁর বাড়ি ফেরার পর ইরানের সরকারি সংবাদমাধ্যমগুলি বিবৃতি দিয়ে জানায়, শামখানি বেঁচে আছেন! তিনি নিজেও এক্স হ্যান্ডলে পোস্ট করে জানান, ইসরাইলি হামলার দৃঢ় প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রয়েছে ইরানের।

এ বার শামখানির একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এল। ‘টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী ওই সাক্ষাৎকারটি ইরানের এক টিভি চ্যানেলকে দিয়েছেন শামখানি। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ১৩ জুন ভোরে কী ঘটেছিল। তাঁর কথায়, ‘‘সে দিন যখন ইসরাইলের হামলা শুরু হয়, তখন আমি সবে ঘুম থেকে উঠেছি। প্রার্থনা করার সময় হয়ে গিয়েছিল। বাড়ির সবাই তখন ঘুমোচ্ছিল। আচমকাই আমার গোটা বাড়ি ভেঙে পড়ে।’’ শামখানি জানান, কিছু ক্ষণের জন্য তিনি জ্ঞান হারিয়েছিলেন। তবে যখন জ্ঞান ফিরে আসে, তখন দেখেন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। তিন ঘণ্টা ওই অবস্থায় পড়েছিলেন। শুরু হয় শ্বাসকষ্ট। শামখানি বলেন, ‘‘ধ্বংসস্তূপের তলা থেকে বার হওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু লাভ হয়নি। অনেক ক্ষণ পর উদ্ধারকারী দলকে দেখতে পাই। তখন তাদের উদ্দেশে বলেছিলাম ‘আমি এখানে আছি!’ আমার চিৎকার শুনে উদ্ধারকারী দল এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’’
এর আগে শনিবার শামখানিকে প্রকাশ্যে দেখা গিয়েছিল। ইসরাইলি হামলায় নিহত ইরানের সেনা আধিকারিক এবং পরমাণু বিজ্ঞানীদের শেষকৃত্যের অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। তার পরেই তাঁর সাক্ষাৎকারের বিষয়টি প্রকাশ্যে এল।

