১০০ কোটি টাকার সাইবার জালিয়াতিতে যুক্ত থাকার অভিযোগে দিল্লিতে গ্রেফতার চিনা নাগরিক
বিশেষ প্রতিনিধি : প্রায় ১০০ কোটি টাকার সাইবার জালিয়াতি করার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক যুবককে দিল্লিতে। সে একজন চীনের নাগরিক নাম ফ্যাং চেনজিং।
সুরেশ কোলিচিইল নামের এক ব্যক্তি ৪৩ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সুরেশের অভিযোগ ছিল, স্টক মার্কেটে বিনিয়োগের নাম করে তাঁর থেকে টাকা নেওয়া হয়েছিল। পরে তিনি জানতে পারেন, পুরোটাই ভাঁওতাবাজি।

দিল্লি পুলিশ এই চিনা নাগরিককে গ্রেফতার করে জেনেছে, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করে স্টক এক্সচেঞ্জের কথা বলে জালিয়াতি করা হত।
প্রাথমিক তদন্ত করে দিল্লি পুলিশ এও জেনেছে, সাইবার ক্রাইম পোর্টালে কমপক্ষে ১৭টি এমন মামলা দায়ের হয়ে আছে যার সঙ্গে ফ্যাংয়ের যোগসূত্র রয়েছে। তার মধ্যে কয়েকটি মামলা উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ থেকেও করা হয়েছে। ফ্যাং একটি চক্রের সঙ্গে জড়িত বলেই নিশ্চিত পুলিশ। তাঁকে জেরা করে আপাতত আরও দুজনের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।
দিল্লির সাফদারজং এলাকা থেকে এই চিনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে যে মোবাইল উদ্ধার হয়েছে তার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে জালিয়াতির পোক্ত প্রমাণ মিলেছে বলেই জানিয়েছে পুলিশ।

