বরাহনগরে ফাঁকা ফ্লাটে তরুনীর দেহ উদ্ধার!
বাংলার জনরব ডেস্ক : উত্তর ২৪ পরগনার বরাহনগরের ১৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন লেকপল্লি এলাকায় ফাঁকা ফ্ল্যাটের ভিতর থেকে এক তরুণীর দেহ উদ্ধার হল। মঙ্গলবার রাতে পাঁচতলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে বরাহনগর থানার পুলিশ। মৃতের নাম অঞ্জলি সাউ। বয়স ২৬। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে রহস্য। তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেহটি শোয়ানো অবস্থায় ছিল। আঘাতের চিহ্নও মিলেছে। আর এখান থেকেই সন্দেহ বাড়ছে। খুনের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর দিদি এবং জামাইবাবু প্রায় চার বছর ধরে ওই ফ্ল্যাটে থাকতেন। তবে ব্যবসার কারণে বর্তমানে তাঁরা হুগলির শ্রীরামপুরে থাকেন। সোমবার ফ্ল্যাটের চাবি প্রতিবেশী লতিকা মান্নার কাছে রেখে যান বাড়ির মালিক তথা তরুণীর জামাইবাবু। লতিকার দাবি, মঙ্গলবার দুপুরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে পাঁচতলার ফ্ল্যাটে যান অঞ্জলি। বিকেলে তরুণীর দিদি ফোন করেন। কিন্তু কোনও উত্তর না মেলায় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ করেন। এর পর প্রতিবেশীরা ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিয়ে সাড়া না পেয়ে বরানগর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে তরুণীর দেহ উদ্ধার করে। পরে দেহটি বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বরাহনগর থানার পুলিশ। এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা। জনবহুল লেকপল্লি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

