জেলা 

ফলতায় জেল বন্দি জাহাঙ্গীর খানের ‘অবৈধ’ বাড়ি ভাঙার কাজ শুরু!

শেয়ার করুন

ফলতার একদা প্রভাবশালী তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। জানা গিয়েছে, জাহাঙ্গিরের বাড়ির বেআইনি নির্মাণ ভাঙার জন্য আদালতের অনুমতি পাওয়ার পরেই প্রশাসন তৎপর হয়। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে বুধবার এই ভাঙার কাজ হচ্ছে।

জাহাঙ্গিরের বাড়ি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল অনেক আগেই। জেলা প্রশাসনের কাছে জাহাঙ্গিরের বাড়ি নিয়ে তদন্তের দাবি জানিয়ে অভিযোগ জমা পড়েছিল। সাধারণত, দোতলার বেশি উঁচু বাড়ি তৈরির প্ল্যানের অনুমোদন প্রয়োজন জেলা পরিষদের। ফলতার শ্রীরামপুর এলাকায় জাহাঙ্গিরের যে বাড়ি আছে, সেটি নিয়ম মেনে হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরে বিষয়টি গড়ায় আদালতেও। আদালত জাহাঙ্গিরের বাড়ি ভাঙায় অনুমোদন দেওয়ার পরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা।

জাহাঙ্গিরের নামে বেশ কয়েক বার নোটিস পাঠানো হয়। শুনানির জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি। বাড়িটি ভেঙে ফেলার জন্য নোটিস দেওয়া হয়েছিল। সাত দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ থাকলেও তা কার্যকর করা হয়নি। তার পরেই বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর হয় প্রশাসন। জেলাশাসকের নির্দেশে বুধবার জাহাঙ্গিরের ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। বুধবার সকালে তাঁর বাড়িতে হাজির হন জেলা প্রশাসনের আধিকারিকেরা। বাড়ির গেটে তালা ঝোলানো ছিল। প্রথমে সেই তালা ভেঙে ভিতরে ঢোকেন আধিকারিকেরা। তার পরে বাড়ির মধ্যে থাকা আসাবপত্র একে একে বাইরে বার করে আনা হয়। বাড়ি খালি করার পরই ভাঙাতে শুরু করবেন কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন বিডিও সন্দীপ সিংহ রায় এবং পুলিশ আধিকারিকেরা।

ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডা অভিযোগ করেছেন, এলাকায় একের পর এক বেআইনি নির্মাণ গড়ে উঠেছে। এমনকি জলাভূমি ভরাট করেও অবৈধ নির্মাণ তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি। শুধু জাহাঙ্গিরের বাড়ি নয়, সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধেই প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন দেবাংশু।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ