হরিয়ানায় যাত্রী বোঝাই বাসে আগুন, মৃত আট
বাংলার জনরব ডেস্ক : হরিয়ানায় যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত্যু হল আট জনের। শুক্রবার রাত দেড়টা নাগাদ হরিয়ানার নুহ জেলায় ঘটনাটি ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ২৪ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর। যাঁদের মধ্যে অধিকাংশই তীর্থযাত্রী।
সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি বৃন্দাবন এবং মথুরা থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল। মূলত পঞ্জাবের হোশিয়ারপুর, লুধিয়ানা এবং চণ্ডীগড়ের যাত্রীরা ওই বাসে ছিলেন বলে খবর। নুহের কাছে কুন্ডলি-মানেসার-পালওয়াল জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটিতে আগুন ধরে যায়। পুড়ে মৃত্যু হয় আট জনের। স্থানীয়েরা চলন্ত বাসে আগুন দেখতে পেয়ে সাহায্যের জন্য এগিয়ে আসেন। পুলিশকে খবর দেওয়া হয়। কিছু ক্ষণের মধ্যেই দমকলের গাড়ি ঘটনাস্থলে যায়। নিয়ন্ত্রণে আনা হয় আগুন। ইতিমধ্যেই আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তবে কী কারণে চলন্ত বাসে আগুন ধরল, তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

