হিমাচলে বিদ্রোহী ৬ কংগ্রেস বিধায়কের সদস্যপদ খারিজ করল স্পিকার! আপাতত হিমাচলে কংগ্রেস সরকার টিকে গেল?
বাংলার জনরব ডেস্ক : নিয়ম মেনে ক্রসিং ভোট করার জন্য কংগ্রেসের ৬ বিধায়কের সদস্যপদ আরিজ করে দিল হিমাচল বিধানসভার স্পিকার।এই ৬ বিধায়কের বিরুদ্ধেই ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠেছিল।
মঙ্গলবার রাজ্যসভা নির্বাচনে ব্যাপক ক্রসভোটিং হয়। সেখানে বিজেপি প্রার্থীকে ভোট দেন ৬জন কংগ্রেস (Congress) বিধায়ক। বুধবারই তাঁদের বিজেপিশাসিত হরিয়ানায় সরিয়ে নিয়ে যায় গেরুয়া শিবিরের নেতৃত্ব। তবে বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বিধানসভায় পা রাখেন ৬ বিধায়ক। হাততালি দিয়ে তাঁদের স্বাগত জানান বিজেপি (BJP) বিধায়করা।
তবে বিধানসভার অধিবেশন শুরু হতেই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন ভঙ্গের অভিযোগ আনা হয়। রাজ্যের স্পিকার কুলদীপ সিং পাথানিয়া বলেন, অর্থ বিল নিয়ে সরকারের পক্ষে ভোট দেওয়ার জন্য দলীয় হুইপ জারি হয়েছিল। কিন্তু সেটা উপেক্ষা করেছেন ৬ বিধায়ক। ফলে রাজিন্দার রানা, সুধীর শর্মা, ইন্দার দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মাকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। যদিও এই ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি কংগ্রেসের বিতর্কিত বিধায়ক বিক্রমাদিত্য সিং।
এর ফলে হিমাচলে কংগ্রেসের সরকার বেঁচে গেল বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে বিধানসভায় আস্থা ভোট হলে কংগ্রেস দল ভালোভাবে জিতে যাবে। কারণ ৬৮ আসনের বিধানসভায় এখন কংগ্রেসের সদস্য সংখ্যা ৩৪ নির্দল মিলিয়ে বিরোধী দলের সদস্য সংখ্যা ২৮।

