দেশ 

ইন্ডিয়া জোটের অন্যতম প্রথম সারির মুখ তেজস্বী যাদবকে ৫ জানুয়ারি ইডি দফতরে তলব

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব কে জমির বদলে চাকরি মামলায় তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।আগামী ৫ জানুয়ারি ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিস পাঠানো হয়েছে তেজস্বীকে। ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একইসঙ্গে, এই মামলায় বয়ান রেকর্ড করার জন্য আগামী ২৭ ডিসেম্বর লালুপ্রসাদকেও ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে।

এই মামলায় এ বছরের এপ্রিলে তেজস্বীকে তলব করে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু এই প্রথম লালুপ্রসাদকে এই মামলার তদন্তে বয়ান রেকর্ডের জন্য ডেকে পাঠাল ইডি। গত নভেম্বরেই এই মামলায় লালুর পরিবারের এক ঘনিষ্ঠ অমিত কাত্যালকে গ্রেফতার করে ইডি। তাঁকে জেরা করার পরই লালুকে নোটিস পাঠানো হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ১১ মার্চ দিল্লির দফতরে তেজস্বীকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু বিহারের উপমুখ্যমন্ত্রী হাজির হননি। তার আগে অবশ্য আরজেডি প্রধান লালু, তাঁর স্ত্রী রাবড়ি দেবী এবং কন্যা মিসা ভারতীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। জমির বিনিময়ে চাকরি মামলায় লালু, রাবড়ি-সহ মোট ১৬ জনের বিরুদ্ধে গত ২৭ ফেব্রুয়ারি সমন জারি করেছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। পরে চার্জশিটে তেজস্বীর নামও জোড়ে সিবিআই।

মনে করা হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অন্যতম প্রথম সারির নেতা লালুপ্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে মোদি সরকারের এই প্রচেষ্টা যে সফল হবে না সে নিয়ে কোন সন্দেহ নেই। এরফলে বিহারের রাজনীতিতে লালু ও তেজস্বীর লাভ হবে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ