সংসদের বাদল অধিবেশন শুরু ২০ জুলাই শেষ ১১ আগস্ট, এই অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশের সম্ভাবনা!
বাংলার জনরব ডেস্ক : আগামী ২০ জুলাই থেকে শুরু হবে বাদল অধিবেশন। চলবে ১১ অগস্ট পর্যন্ত। ২৩ দিনের অধিবেশন পর্বে ১৭ দিন কাজ হবে বলে সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী শনিবার এ খবর জানিয়েছেন।সংসদীয় মন্ত্রক সূত্রের খবর, সংসদের পুরনো ভবনে শুরু হবে বাদল অধিবেশন। সমাপ্তি হবে সংসদের নতুন ভবনে।
সূত্রের খবর, এই অধিবেশনে সম্ভবত ৫ই জুলাই অভিন্ন দেওয়ানি বিধি বিল লোকসভায় ও রাজ্যসভায় পেশ করা হতে পারে। এছাড়াও আরো একাধিক বিল এই অধিবেশনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র টুইট করে লিখেছেন, ‘‘৫ অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হয়েছিল। ৫ অগস্ট রামমন্দিরের শিলান্যাস হয়েছিল। আর আগামী ৫ অগস্ট অভিন্ন দেওয়ানি বিধি আসতে চলেছে।’’
শুধু বিজেপি বা তার সহযোগী দলগুলি নয়, বিরোধী শিবিরের শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) এবং আম আদমি পার্টিও ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল সমর্থনের বার্তা দিয়েছেন। এই পরিস্থিতিতে লোকসভা এবং রাজ্যসভায় বিল পাশ করতে সরকার পক্ষকে তেমন বেগ পেতে হবে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। যদিও কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীরা, এমনকি বিজেপির সহযোগী মেঘালয়ের শাসক দল এনপিপি এবং বিজেপির একদা সহযোগী শিরোমণি অকালি দল অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছে।
গত ১৪ জুন কেন্দ্র-নিযুক্ত ২২তম আইন কমিশনের তরফে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং আমজনতার মতামত জানতে চাওয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেল পর্যন্ত এ বিষয়ে সাড়ে আট লক্ষ ব্যক্তি এবং সংগঠনের প্রতিক্রিয়া জমা পড়েছে বলে আইন কমিশনের তরফে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সংসদীয় কমিটির তরফে এ বিষয়ে কেন্দ্রীয় আইন কমিশন এবং আইন মন্ত্রকের মত জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ জুলাই প্রতিনিধি পাঠিয়ে এ বিষয়ে মত জানানোর জন্য নোটিস পাঠানো হয়েছে আইন কমিশন এবং আইন মন্ত্রককে।

