আগামী লোকসভা নির্বাচনে বিরোধীরা ঐক্যবদ্ধ হলে বিজেপিকে হারানো সম্ভব হবে আমেরিকায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করলেন রাহুল গান্ধী
বাংলার জনরব ডেস্ক : আগামী বছর লোকসভা নির্বাচনে সম্মিলিত বিরোধী জোট বিজেপিকে পরাস্ত করতে পারবে বলে, প্রত্যাশা ব্যক্ত করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আমেরিকার সময় অনুসারে বৃহস্পতিবার ওয়াশিংটনের সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে খুব সহজেই বিজেপিকে যে হারানো সম্ভব হবে তা নিয়ে কোন সন্দেহ নেই বলে তিনি দাবি করেন।
সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহুল গান্ধী এ কথাও স্বীকার করেছেন অনেক আঞ্চলিক দল রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে হয়তো বিজেপি বিরোধী জোটে থাকবে না কিন্তু যদি এরকম হয় তাহলেও যেসব আঞ্চলিক দলগুলি অঞ্চল বিশেষে শক্তিশালী তাদের ক্ষেত্রে বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখা হবে বলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের কাছে মন্তব্য করেন। এদিন তিনি পরিষ্কার বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেন আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস দল আগের তুলনায় কয়েক গুণ বেশি সিট পাবে।
রাহুল গান্ধী আশা ব্যক্ত করে বলেন বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব থাকলেও কিন্তু বিজেপি বিরোধী জোট যে হবে তা এখন থেকেই বলে দেওয়া যায়।
সাংবাদিকদের কাছে রাহুল বলেন,“বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সব বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।” তবে আঞ্চলিক রাজনীতির বাধ্যবাধকতায় যে বহু দলের সঙ্গে কংগ্রেসের ‘বিরোধ’ রয়েছে, সে প্রসঙ্গ উল্লেখ করে রাহুল বলেন, “উভয় পক্ষেরই কিছুটা স্বার্থত্যাগ করা প্রয়োজন।” তবে একই সঙ্গে তিনি বলেন, “আমি আশাবাদী যে, এটা (বিরোধী জোট) হবে।” সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “অঙ্কটা কষেই দেখুন। বিরোধীরা একজোট হয়ে বিজেপিকে হারাবে।” কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশের সব প্রতিষ্ঠানকে দখল করারও অভিযোগ তোলেন রাহুল।
কংগ্রেসের তরফে বিরোধী জোট গঠন নিয়ে উদ্যোগী হতে আগেও দেখা গিয়েছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কিছু নেতানেত্রী বিজেপির বিরুদ্ধে ‘একের পর এক’ ফর্মুলায় লড়াইয়ের ডাক দিয়েছেন। সে ক্ষেত্রে যে সব রাজ্যে যেখানে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের তুলনায় আঞ্চলিক দলগুলি শক্তিশালী, সেখানে বিজেপির বিরুদ্ধে ভোটের লড়াইয়ে কংগ্রেস সমর্থন জানাবে আঞ্চলিক দলগুলিকেই। এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তের কথা জানায়নি কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তবে জো বাইডেনের দেশে রাহুলের বিরোধী জোট নিয়ে বার্তার মধ্যে কংগ্রেসের ‘সদিচ্ছা’র প্রতিফলন দেখছে কেউ কেউ।
স্বাভাবিকভাবে রাহুলের এই বক্তব্যকে ঘিরে শাসক দল বিজেপি কটাক্ষ করেছে। তবে একথা স্বীকার করতেই হবে দেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে বিজেপি যে অনেকটাই ব্যাকফুটে রয়েছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এই মুহূর্তে বিজেপি উত্তর প্রদেশ এবং গুজরাট ছাড়া আর কোথাও তেমনভাবে শক্তিশালী নয় আসন্ন বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে হেরে যাওয়ার সম্ভাবনা প্রবল রাজস্থানের ক্ষমতায় আসার সম্ভাবনা নেই বললেই চলে এই পরিস্থিতিতে বিজেপির কাছ থেকে যদি আঞ্চলিক দলগুলি সরে যায় তাহলে আগামী দিনে মোদি র তৃতীয় বার আর প্রধানমন্ত্রী হতে পারবেন না তা এখন থেকেই বলে দেওয়া যায়। রাজনৈতিক প্রেক্ষাপট বলছে মহারাষ্ট্র সরকারও যেকোনো সময় বিজেপি হারাতে পারে। এই পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে রাহুল গান্ধীর ভবিষ্যৎ বাণী অবশ্যই সফল হবে আগামী দিনে দিল্লিতে বিজেপি ক্ষমতা হারাবে।

