জেলা 

উত্তর ২৪ পরগনার আলিয়া একাডেমিতে শিশু-কিশোরদের নিয়ে বর্ণময় পারিবারিক মিলন ২০২৩

শেয়ার করুন

নাফিসা ইসমাত : নতুন বছরের শুরুতেই শীতের সকালে পরপর বাস এসে দাঁড়ালো আলিয়া একাডেমির বিস্তীর্ণ চত্বরে। উত্তর ২৪ পরগনার মালঞ্চতে ঘনার বনে, বিশাল এলাকা জুড়ে এই স্কুল আলিয়া একাডেমী। সেখানেই সদলবলে হাজির শিশু-কিশোরের দল, সঙ্গে তাদের বাবা-মা-ভাই-বোনেরা। রবিবার সকালে এরকমই এক ছবি ছিল পরিবার ভিত্তিক এই মিলন উৎসবে।

প্রায় ৭৫ টি পরিবারের ২০০-এর বেশি অংশগ্রহণকারী ছিল এদিনের মিলন উৎসবে। ছোট থেকে বড় সবার জন্য ছিল বিভিন্ন স্বাদের অনুষ্ঠান ও প্রতিযোগিতা। তাৎক্ষণিক বক্তৃতা, রং-ভরো, বুদ্ধির দৌড়, মিউজিকাল বল, লেখা, বিতর্ক, বড়দেরকে প্রশ্ন করো এরকমই সব আকর্ষণীয় প্রতিযোগিতার আসর ছিল এদিন। এরই মাঝে ছিল প্রবীণ তিন শিক্ষক-শিক্ষিকার সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান।

তবে সবাই এক বাক্যে স্বীকার করলেন, এ দিন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিল মহাপুরুষদের জীবনী নিয়ে বাড়ি থেকে বানিয়ে আনা প্রজেক্ট প্রতিযোগিতা। পরিবার ভিত্তিক ছিল এই প্রতিযোগিতা। একটি পরিবার থেকে একটিই প্রজেক্ট বানানো হয়েছিল। নবী কন্যা হযরত ফাতিমাতুজ জাহরা (সা), বিজ্ঞানী এ পি জে আব্দুল কালাম, জাতির জনক মহাত্মা গান্ধীসহ মনীষীদের জীবন ও আদর্শ নিয়ে বানানো হয়েছিল এই সমস্ত প্রজেক্ট। প্রজেক্ট বানিয়ে প্রথম তিনটি স্থান দখল করেছিল তিনটি পরিবার। সীমা শিরিন, শামীমা সুরাইয়া, আরিয়ান সর্দার।

প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য ছিল রং-বেরঙের পুরস্কার। পুরস্কার জিতে খুশিতে ডগ-মগ শিশুর দল। তাদের অভিভাবকদের আহ্লাদ যেন আরও বেশি। অনুষ্ঠান শেষ, পুরস্কার হাতে জয়ের বৃত্তান্ত একেশো অপরকে শোনাচ্ছে ওরা। রিশান, আলী আব্বাস, আমির, তামিম, আলিয়া, মাহরীন, জেহা, আন্নাবি, সাদ, আতিফ, ইজ্জু, রুকসা, ফারহিন, রাজিফা, আনুশা, শিরিন, সুরাইয়া প্রমূখ।

ছোটদের পুরস্কৃত করে ক্ষান্ত হয়নি এদিনের পারিবারিক মিলন উৎসব। বড়দের সম্মান ও শ্রদ্ধা জানাতে হয় কিভাবে তা শেখানোর ব্যবস্থাপনাও ছিল এদিনের আয়োজনে।

শিক্ষা বিস্তার ও তার মান উন্নয়নে তিন গুণী শিক্ষক-শিক্ষিকা মাওলানা সৈয়দ কাসিম রেজা রিজভী, সাইয়েদা কানিজ মোস্তফা এবং ওয়াছেল আলী মোল্লাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এদিনের এই পারিবারিক মেলায়। প্রতিবারের মতো এ বছরের এই মেলায়ও মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল একজন প্রথিতযশা গুণী শিক্ষককে। এবারের উৎসবে মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট গণিতের শিক্ষক গৌরাঙ্গ সরখেল। এবছরের পারিবারিক মেলা রাজ্যের দুই কৃতি সন্তান মরহুম সৈয়দ আব্বাস আলী জায়েদী এবং মরহুম সফিকুল ইসলাম ভাই-এর স্মরণে আয়োজিত হয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ