অসমে স্বর্ণপদক পেলেন বাংলার স্বভাব কবি আসিয়া বেগম
আজিজুল হক : অসমের আন্তর্জাতিক সাহিত্য সভায় স্বর্ণপদকে সম্মানিত হলেন বাংলার এক গৃহবধূর স্বভাব কবি। সম্প্রতি, অসমের করিমগঞ্জের কানাইবাজার এমই স্কুল মাঠে এক আন্তর্জাতিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। ভিড়ে ঠাসা ভারত বাংলাদেশের কবি সাহিত্যিক ,সমাজসেবী ও শিল্পীদের উপস্থিতিতে স্বর্ণপদক পেলেন বাংলার কবি আসিয়া বেগম।
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০ জন কবি ও সাহিত্যিক অংশ নেন ওই সাহিত্য সভায়। এদের মধ্যে কুড়ি জনকে স্বর্ণপদক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সাহিত্য সংস্কৃতি সেবা পরিবারের ‘বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ’এর সভাপতি নিহাররঞ্জন দেবনাথ । বাংলাদেশের কবি সেলিমা আখতার কল্যাণীর সঙ্গে এপার বাংলার জয়নগরের হাটপাড়ার হতদরিদ্র পরিবারের গৃহবধূ কবি আসিয়া বেগম পুরস্কৃত হয়েছেন।

তাঁকে ‘মহারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্বর্ণপদক অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।উক্ত সাহিত্য সংস্থা জানিয়েছে, কবি আসিয়া বেগম, নবী জীবন আলোকে ধারাবাহিক সৃষ্টিশীল কবিতা রচনা করেছেন। এ পর্যন্ত তাঁর ৪০ হাজার লাইনের কবিতা রচিত হয়েছে। তাঁর এই অসাধারণ কাজের জন্যে স্বর্ণপদক দেয়া হয়।
উল্লেখ্য, কবি আসিয়া বেগম স্বনাম ও ছদ্মনামে ১৬টি গ্রন্থ রচনা করেন। ইতিপূর্বে তিনি বঙ্গবন্ধু স্বর্ণপদক পুরস্কার পান।

