কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে জাতীয় তফসিলি কমিশন ইঙ্গিত ভাইস চেয়ারম্যানের
বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে অশালীন মন্তব্য করার দায়ে এবার রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে জাতীয় তফসিলি কমিশন। আজ মঙ্গলবার জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার এই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, অখিলের বিরুদ্ধে ১০০টিরও বেশি অভিযোগ জমা পড়েছে জাতীয় তফসিলি কমিশনে। যার প্রেক্ষিতে মন্ত্রীকে নোটিস পাঠাবে কমিশন। অখিলের পক্ষে সদুত্তর না এলে তৃণমূল বিধায়ক গ্রেফতারও হতে পারেন।
মঙ্গলবার মেদিনীপুর সার্কিট হাউসে একটি কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন জাতীয় তফসিলি কমিশনের ভাইস চেয়ারম্যান। সেখানে তিনি বলেন, ‘‘যা খবর পেলাম, অখিল গিরির বিরুদ্ধে কমিশনে শ’য়ের উপরে অভিযোগ জমা পড়েছে। আমি সেগুলো মনিটরিং করছি। কোনও কোনও অভিযোগ আইনের আওতায় এনে রাজ্য সরকারকে নোটিস পাঠানো যায় কি না, তা দেখা হচ্ছে।’’ তিনি আরও বলেন, ‘‘প্রথমে নোটিস পাঠাব। নোটিসের ঠিকঠাক জবাব না পেলে সমন। সমনের পরেও যদি না আসেন তবে ওয়ারেন্ট পাঠাব। ওয়ারেন্টে গ্রেফতার করে আনা হবে।’’
এর মধ্যে মঙ্গলবার গোপীবল্লভপুরে দলীয় কর্মসূচিতে যাওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘অখিল গিরির জেলে থাকা উচিত। এসসি-এসটি কমিশনের যা কাজ, তারা করছে। এখনও পর্যন্ত এফআইআর হয়েছে কি না, প্রশাসন আমাদের জানায়নি। তবে কারামন্ত্রীর কারাগারে থাকা উচিত।’’

