শিলিগুড়িতে এক তরুণ তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য! তদন্তে পুলিশ
বাংলার জনরব ডেস্ক : শিলিগুড়িতে এক তরুণ তরুণীর দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বেঁধেছে।
আজ মঙ্গলবার চতুরাগছ এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় রিয়া বিশ্বাস নামে এক তরুণীর দেহ। বাড়ির শৌচাগারে গলাকাটা অবস্থায় ছিল রিয়ার দেহ। তাঁর স্বামীর নাম রোমিও বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি এক সময় নদিয়ায় থাকতেন। তবে গত দু’বছর ধরে তাঁরা রয়েছেন চতুরাগছ এলাকায়। রোমিও এবং রিয়ার বছর পাঁচেকের একটি সন্তান রয়েছে। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে রিয়ার দেহ। তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
সুভাষ রায় নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, ‘‘গত কাল রাতে ওদের বাচ্চাটি খুব কান্নাকাটি করছিল। বাচ্চার কান্নার আওয়াজ শুনেই এলাকাবাসীরা রিয়ার বাড়িতে যায়৷ তখন প্রায় ভোর ৩টে বাজে৷ রিয়াকে না দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এর পর পুলিশ এসে শৌচাগার থেকে মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে৷ রিয়া এবং রোমিওর মাঝেমাঝেই বচসা হত। ওরা নদিয়ার বাসিন্দা৷ রোমিও তার মা-বাবাকে আনতে নদিয়া গিয়েছে রবিবার। তার মাঝেই এমন কাণ্ড ঘটল।’’
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, ‘‘তরুণীর মৃতদেহের পাশে এক যুবকের আধার কার্ড পাওয়া গিয়েছে৷ ওদের স্বামী-স্ত্রীর সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি ছিল। মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল৷ গত কাল তরুণীর প্রেমিক ফেসবুক লাইভে তার মানসিক অবসাদের কথা জানায়৷ সেই ভিডিয়ো আমাদের কাছে আছে৷ তবে তদন্তের স্বার্থে এর বাইরে কিছু বলা সম্ভব নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

