প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাস্থল ভরাতে ভাড়া করা সমর্থক, প্রতিশ্রুতির অর্ধেক টাকা দেওয়ায় প্রতিবাদ, কটাক্ষ বিরোধীদের
বাংলার জনরব ডেস্ক: সম্প্রতি কর্নাটকের বেঙ্গালুরুতে (Bengaluru) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) বিশাল ব়্যালি হয়। সেই সভাতে নাকি মাথাপিছু ৫০০ টাকা দিয়ে ভাড়া করা ‘সমর্থক’ আনা হয়েছিল! বিষয়টি সকলের সামনে আসতো না যদি না কিছু ভাড়া করা সমর্থক তাদের প্রাপ্য টাকা না পাওয়ার কারণে অভিযোগ করতেন।
তাদের অভিযোগ ৫০০ টাকা দেওয়ার কথা বললেও তাদেরকে দেয়া হয়েছে আড়াইশো টাকা করে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে প্রতিবাদ দেখান একদল মানুষ। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই আসরে নামে কংগ্রেস-সহ বিরোধীরা। যদিও পুলিশের দাবি, গেরুয়া নেতা ও ‘সমর্থক’দের আলোচনায় ঝামেলা মিটে গিয়েছে।
গত ১১ নভেম্বর শুক্রবার বেঙ্গালুরুতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। ওই দিন কর্ণাটকের কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২-এর উদ্বোধন করেন মোদি। এছাড়াও কেম্পেগৌড়ার ১০৮ ফুটের মূর্তি উন্মোচন করেন। অভিযোগকারীরা জানিয়েছেন, বিজেপি নেতাদের কথাতেই এই সভায় ভিড় বাড়াতে আসেন তাঁরা। গেরুয়া নেতা কথা দিয়েছিলেন, এর জন্য প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হবে। অথচ সভা শেষে তাঁদের ২৫০ করে দেওয়া হয়। এর পর শনিবার রাজ্যের চিক্কাবল্লাপুর জেলার শিদলাঘাটায় বিক্ষোভ দেখান তাঁরা।
ওই প্রতিবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়। ঘটনায় বিরাট অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। বিরোধীরা কটাক্ষ শুরু করে। এক কংগ্রেস নেতা টুইট করে জানান, স্থানীয় থানায় বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রতারিতরা। যদিও এদিন শিদলাঘাটা পুলিশ জানায়, গেরুয়া নেতাদের সঙ্গে প্রতিবাদীদের আলোচনায় সমস্যার সমাধান হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা থেকে সরে এসেছে জনতা।
এক পুলিশকর্তা জানান, “ওঁরা থানায় অভিযোগ দায়ের করেছিল বটে। তবে বিষয়টিকে নিয়ে পরবর্তী পদক্ষেপ বাতিল করে দিয়েছেন।”
কংগ্রেস-সহ কর্ণাটকের বিরোধী দলগুলির কটাক্ষ, বিশ্বের জনপ্রিয় নেতা মোদির সভায় ভাড়াটে সমর্থক লাগে! এই ঘটনায় প্রকাশ্যে এল বিজেপি একটি ভুয়ো দল, তাদের রাজনীতি মূলত প্রচার ভিত্তিক।

