আদালতের ধমক খেয়ে অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করল ব্যাংক, স্বস্তি অভিষেকের, আদালতে মামলার নিষ্পত্তি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করা (Bank Account Freeze) সংক্রান্ত মামলায় আইনি স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় (ডিফ্রিজ) করার পাশাপাশি ক্রেডিট ও ডেবিট কার্ড (Credit and Debit Card) সচল করে দেওয়া হয়েছে বলে আদালতে জানাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বিষয়টি শোনার পর মামলাটির আনুষ্ঠানিক নিষ্পত্তি করে দেন বিচারক।
মামলার শুনানিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের ভূমিকা ও পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। ব্যাঙ্ক ও গ্রাহকের টানাপড়েন প্রসঙ্গে সওয়াল করে তিনি বলেন, ‘‘আমার মক্কেলের ছবি দেখতে চাওয়া হচ্ছে, অথচ ছবি তো তোলাই হয়নি!’’ জবাবে ব্যাঙ্কের প্রতিনিধি আদালতে জানান, গ্রাহককে কখনওই সশরীরে ব্যাঙ্কে উপস্থিত হতে বলা হয়নি।
বিষয়টি শোনার পর ব্যাঙ্কের এই ধরনের আচরণের সমালোচনা করে বিচারপতি মন্তব্য করেন, ‘‘আপনারা কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করার আগে উপযুক্ত নোটিস দিয়ে আগাম জানান। তার পর নির্ধারিত সময়ের মধ্যে কাজ না হলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু এ ভাবে হুট করে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া কোনও সমাধান হতে পারে না।’’
এর পর রিজার্ভ ব্যাঙ্কের (RBI) নির্দিষ্ট নির্দেশিকার কথা স্মরণ করিয়ে দিয়ে অয়নবাবু সওয়াল করেন, ‘‘কেওয়াইসি (KYC) না হলে নিয়ম অনুযায়ী আংশিক ফ্রিজ করা যেতে পারে, তা-ও নোটিস পাঠিয়ে। আরবিআই-এর গাইডলাইন মেনে কাজ করা উচিত। সেখানে পুরো অ্যাকাউন্ট ব্লক করা হল কেন?’’
পাল্টা জবাবে ব্যাঙ্কের তরফ থেকে ২০১০ সালের গাইডলাইন উল্লেখ করে জানানো হয়, গ্রাহককে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হয়রান করার কোনও ইচ্ছে ব্যাঙ্কের ছিল না। এটি কেবল একটি প্রক্রিয়াগত ও সাময়িক পদক্ষেপ (টেম্পোরারি ব্লকিং) ছিল।
অবশেষে আদালতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ লিখিত রিপোর্ট জমা দিয়ে জানায় যে, অভিষেকের বন্ধ হয়ে থাকা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ডিফ্রিজ ও সক্রিয় করা দেওয়া হয়েছে। জমা পড়া রিপোর্ট পর্যালোচনার পর আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়, যেহেতু ব্যাঙ্ক পরিষেবা সচল হয়ে গেছে, তাই এই মুহূর্তে নতুন করে কোনো নির্দেশের প্রয়োজনীয়তা নেই। এর পরেই মামলাটির নিষ্পত্তি ঘটিয়ে দেওয়া হয়।

