জেলা 

আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি করায় গ্রেফতার তৃণমূল নেতা

শেয়ার করুন

আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজি, মারধর এবং প্রতিবাদ করায় ঘরছাড়া করে মোটা অঙ্কের জরিমানা আদায় করার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা বিপত্তারণ গড়াই। তিনি তৃণমূলের শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। জানা গেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের জেমুয়া গ্রামের বাসিন্দা জনৈক করুণাময় পালকে সরকারি আবাস পাইয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, টাকা নেওয়ার প্রতিবাদ করায় ওই নেতা তাঁকে মারধর করে ঘরছাড়া করেন এবং পরে আরও ৫০ হাজার টাকা ‘জরিমানা’ নিয়ে বাড়িতে থাকার অনুমতি দেন বলে অভিযোগ। সম্প্রতি এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন করুণাময়। তার ভিত্তিতে শনিবার রাতে তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে হাজির করানো হয়। পুলিশ ও বাঁকুড়া জেলা আদালত সূত্রে খবর, ঘটনাটি ২০২১ সালের জানুয়ারি মাসের। অভিযোগকারী জানিয়েছেন, তাঁকে সরকারি আবাস দেবেন বলে টাকা নিয়েছিলেন আইএনটিটিইউসির মেজিয়া ব্লকের তৎকালীন সভাপতি বিপত্তারণ। এলাকায় তাঁর প্রভাব ছিল। তাই টাকা দিতে বাধ্য হয়েছিলেন।

পরে অভিযোগকারী জানতে পারেন, ওই ভাবে গ্রামের আরও কয়েক জন নেতার কাছ থেকে টাকা তুলেছেন তৃণমূল নেতা। তখন তিনি এর প্রতিবাদ করেছিলেন। পরিণামে তাঁকে পিটিয়ে বাড়িছাড়া করা হয়। কিছু দিন পরে ৫০ হাজার টাকা দিয়ে নিজের গ্রামে ফেরেন অভিযোগকারী। ওই ঘটনায় অভিযুক্ত নেতার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বিশ্বাসবঙ্গ এবং প্রতারণার মামলা রুজু করেছে পুলিশ। আদালতের পথে ধৃত তৃণমূল নেতা মন্তব্য করেন, ‘‘রাজনীতির জন্য আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ