কলকাতা 

বিকল্প ব্যবস্থা করে বিধান মার্কেট খালি করে মেট্রোরেলের কাজ করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট! একইসঙ্গে দিলো নানা শর্ত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ধর্মতলার বিধানচন্দ্র রায় মার্কেট (যা বিধান মার্কেট নামেই সমধিক পরিচিত) এলাকায় মেট্রো প্রকল্পের কাজ শুরু করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে বলেছে আদালত।

সোমবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চ এ-ও জানিয়েছে যে, আপাতত ওই এলাকা থেকে অস্থায়ী ভাবে দোকানদারদের অন্যত্র সরানো যাবে। তবে মেট্রো প্রকল্পের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে লিখিত ভাবে জানাতে হবে যে, কাজ শেষে ওই দোকানদারদের পুরানো জায়গায় ফিরিয়ে আনা হবে। নতুন জায়গায় ন্যূনতম পরিষেবা এবং নিরাপত্তা যথাযথ রাখতে হবে। নতুন জায়গায় জল, বিদ্যুৎ-সহ প্রয়োজনীয় পরিষেবা ও নিরাপত্তার বন্দোবস্ত করার পরেই দোকানদারদের সরানোর কাজ শুরু করা যাবে। প্রথমে আগামী বুধবার থেকে ওই দোকানদারদের সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল।

এর আগে ধর্মতলার বিধান মার্কেটের দোকানদারেরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, ১৯৫৪ সালে প্রতিরক্ষা দফতরের জমিতে ওই মার্কেট তৈরি হয়। বর্তমানে এটি একটি গুরুত্বপূর্ণ পাইকারি বাজার। কিন্তু কোনও রকম লিখিত প্রতিশ্রুতি ছাড়াই নির্মাণসংস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের সরিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করেন মামলাকারীরা। তাঁদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম এবং গোপা বিশ্বাস। এই দোকানদারদের দোকান সাময়িক ভাবে মাউন্টেড পুলিশ প্যাডক এলাকায় সরিয়ে নিয়ে যাওয়ার কথা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ