আন্তর্জাতিক 

ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ২৮ অক্টোবর শপথ নেবেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ঋষি সুনক

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৮ শে অক্টোবর শপথ গ্রহণ করবেন ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিবিদ ঋষি সুনক। লিজ় ট্রাসের পর সে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিকই। ব্রিটেনের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হবেন ৪২ বছরের ঋষি।

কনজ়ারভেটিভ পার্টির সদস্য ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও বটে। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী হতে পারেন, এ দাবি আগেই করেছিলেন ঋষি। তাঁর পক্ষে পার্লামেন্টের ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

বস্তুত, সাম্প্রতিককালে অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি রাজনৈতিকস্তরেও কার্যত ডামাডোলের মধ্যে রয়েছে ব্রিটেন। গত ৭ মাসে ঋষিকে মিলিয়ে ৩ জন প্রধানমন্ত্রীকে দায়িত্ব নিতে দেখবেন দেশবাসী। বরিস জনসনের পর দায়িত্ব নিয়েছিলেন লিজ় ট্রাস। তবে প্রধানমন্ত্রী কুর্সিতে মাত্র ৪৫ দিনের সংক্ষিপ্ত কার্যকালের পর ২০ অক্টোবর ইস্তফা দেন তিনি।

এই সুখবরের আগেই অবশ্য নিজের সংক্ষিপ্ত মন্তব্যে ঋষি বলেছিলেন, ‘‘দেশের অর্থনীতির হাল ফেরাতে চাই। আমাদের দলকে সংঘবদ্ধ করা লক্ষ্য রয়েছে।’’

রক্ষণশীল হিসাবে পরিচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী কুর্সিতে এক ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিকের বসার ঘটনা যে তাৎপর্যপূর্ণ, তা মনে করা হচ্ছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ