মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৪, আহত ৮৮
মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত অন্তত চার। আহত ৮৮ জন। একটি যাত্রিবাহী ট্রেন অন্য একটি ট্রেনেকে ধাক্কা মারে। ফলে সে’টি লাইনচ্যুত হয়ে পড়ে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, রবিবার এই ঘটনাটি ঘটেছে গিজ়াতে।
মিশরের আধিকারিকদের বক্তব্য, গিজ়ার অল-অয়ত জেলায়, কায়রোর শহরতলির কাছে গিজ়া থেকে ফায়োউম যাওয়ার পথে একটি ট্রেন অন্য একটি ট্রেনের পিছনে ধাক্কা মারে। এই ট্রেনটি কায়রো থেকে আসওয়ান যাচ্ছিল। তাঁদের দাবি, এর ফলে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই ঘটনায় অন্তত ৮৮ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্রেনের সাহায্যে ট্রেনের ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যাওয়া হয়।

