‘পুলিশ নির্যাতন করছে আমার স্বামীর উপর হাইকোর্টের দ্বারস্থ’ সুমিতের স্ত্রী
বাংলার জনরব ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের স্ত্রী সুস্মিতা রায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ। পুলিশি জেরায় তাঁর স্বামীর উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তিনি। দাবি, সুমিতকে ফাঁসানোর জন্যই ডায়মন্ড হারবারের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছে। স্বামীর জীবন ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে চেয়ে সুস্মিতা এই ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন। হাই কোর্টের বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে মঙ্গলবার তাঁর মামলার শুনানি হবে।
গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার হয়। পুলিশের দাবি, সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতকে জেরা করেই ওই টাকার সন্ধান মিলেছে। যদিও তা মানতে চাননি অভিষেক। তাঁর পাল্টা দাবি, পুলিশ পরিকল্পিত ভাবে ওই ঘটনা সাজিয়েছে। এমনকি, তাঁর আপ্তসহায়ককে এনকাউন্টারে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে অভিযোগ করেছিলেন অভিষেক। এর পর সুমিতের স্ত্রী হাই কোর্টে গেলেন।
সুস্মিতার বক্তব্য, ডায়মন্ড হারবারে যে টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তাঁর স্বামীর কোনও সম্পর্ক নেই। সুমিতকে ফাঁসানোর জন্য টাকা উদ্ধারের ঘটনাটি সাজানো হয়েছে। তা ছাড়া, পুলিশি জেরায় সুমিতের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন সুস্মিতা। দাবি, তাঁর স্বামীর উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চলছে।
পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় পুলিশ সুমিতকে গ্রেফতার করে। ওই মামলায় হাই কোর্ট তাঁর আগাম জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল। সুমিত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সেখানেও তাঁর আবেদন খারিজ হয়ে যায়। তার পর পুলিশ তাঁকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এবং জামিন চেয়ে সুমিত আবার হাই কোর্টে গিয়েছিলেন। কিন্তু কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ সম্প্রতি তাঁর আবেদনে সাড়া দেয়নি। বলা হয়েছে, পুজোর ছুটির পর ১৬ নভেম্বর আদালত খোলার পর নিয়মিত বেঞ্চে সুমিতের জামিনের মামলার শুনানি হবে। ফলে উৎসবের মরসুম তাঁকে জেলেই কাটাতে হচ্ছে। তার মধ্যেই পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে গেলেন সুমিতের স্ত্রী।

