রায়গঞ্জে এনকাউন্টার ! ধর্ষণ করে অভিযুক্ত পুলিশের গুলিতে হত!
বাংলার জনরব ডেস্ক : রায়গঞ্জে নাবালিকার ধর্ষণ ও খুনে অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত। দু’দিন ধরে নিখোঁজ থাকার পর ওই নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার করা হয়েছিল গত শুক্রবার। তার পর থেকেই অভিযুক্তের খোঁজ চলছিল। চার দিন তল্লাশির পর রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত দিলীপ রায়কে ধরতে যান তদন্তকারীরা। সূত্রের খবর, ভোরে পুলিশ তাঁর কাছে পৌঁছোলে তিনি গুলি চালান। তদন্তকারীদের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
রায়গঞ্জে ১২ বছরের নাবালিকা নিখোঁজ হয়েছিল গত মঙ্গলবার (৩ নভেম্বর) । তার পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তার পর আর ফেরেনি। দু’দিন পর পচাগলা অবস্থায় নিকটবর্তী কুলিকের জঙ্গল থেকে তার দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের সদস্যেরা। পুলিশ অভিযুক্তের খোঁজ করছিল।
এটি গণধর্ষণের ঘটনা কি না, আরও কেউ এর সঙ্গে জড়িত কি না, তদন্ত চলছিল। তার মধ্যেই গ্রেফতারির সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্তের। সূত্রের খবর, রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতে অভিযুক্ত লুকিয়ে আছেন বলে জানতে পেরেছিল পুলিশ। রাত ৩টের পর সেখানে অভিযান চালানো হয়। অভিযোগ, পুলিশ আসছে বুঝতে পেরে গুলি চালান দিলীপ।
নিহত দিলীপের দেহ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। সেখানেই দেহের ময়নাতদন্ত হবে। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত বিহার সীমান্ত দিয়ে ভিন্রাজ্যে পালানোর চেষ্টা করছিলেন। সেই খবর পেয়েই রাতে অভিযান চালানো হয়। অভিযুক্তের ছোড়া গুলি পুলিশের গাড়ির টায়ারে লেগেছিল বলে খবর।
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে চতুর্থ বার এনকাউন্টারের ঘটনা ঘটল। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে কিশোরীকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয় পুলিশের গুলিতে। দাবি, তাঁকে ঘটনার পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে গুলি চালান তিনি।
এ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনের বিরুদ্ধে গেলে, আইন হাতে নিলে বা আইন ভাঙলে পুলিশের সামনে আসতে হবে। পুলিশ বাধ্য হবে এরকম কিছু করতে। এরকম পরিস্থিতি যেন না আসে। সবাই আইনের পথে চলুক।’’

