আসল তৃণমূলের নথিপত্র লুট হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়!
বাংলার জনরব ডেস্ক : কালীঘাট তৃণমূল আসল তৃণমূল প্রমাণ করতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে যে নথিপত্র পাঠানো হবে তা কোথাও লুট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে একই অভিযোগ করেছিলেন অধুনা গণতান্ত্রিক তৃণমূলের নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর স্থান-কাল অবশ্য ভিন্ন ছিল।
বৃহস্পতিবার আইনজীবী মারফত নির্বাচন কমিশনকে একটি চিঠি দিয়েছেন অভিষেক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীকে এই চিঠি দিয়েছেন অভিষেকের আইনজীবী অর্ককুমার নাগ। চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার পুলিশ কমিশনার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-কে।
চিঠিতে অভিষেকের আইনজীবীর অভিযোগ, গত ৬ এবং ৭ নভেম্বরের মধ্যবর্তী রাতে একদল দুষ্কৃতী তাঁর মক্কেলের কালীঘাটের বাসভবন ও কার্যালয়ে হামলা চালায়। ডায়মন্ড হারবারের সাংসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কমিশনের কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা মমতা তৃণমূলের হলফনামা ও নথিপত্র দখল করার একটি সুপরিকল্পিত চক্রান্ত।
চিঠিতে আরও অভিযোগ তোলা হয়েছে যে, ওই হামলার ঠিক আগেই পুলিশের গাড়ি ব্যবহার করে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই চত্বরে নজরদারি বা রেকি চালিয়েছিল এবং ছবি তুলেছিল। পরবর্তীতে গত ১০ এবং ১১ নভেম্বরও একই ধরনের নজরদারির ঘটনা লক্ষ করা গিয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
অভিষেকের তরফে এ-ও অভিযোগ করা হয়েছে যে, বৃহস্পতিবার ভোরে সরকারি আধিকারিকেরা ওই চত্বরে উপস্থিত হয়ে সাংসদের বাড়ির সামনে পুলিশের তৈরি করা নিরাপত্তা গেটটি ভেঙে ফেলেছেন। আগের হামলা এবং লাগাতার নজরদারির প্রেক্ষাপটে এই গেট ভাঙার ঘটনাটি সাংসদের নিরাপত্তা এবং কমিশনের বিচারাধীন মামলার নথিপত্রের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ বাড়িয়ে তুলেছে বলে দাবি অভিষেকের আইনজীবীর।
এর আগে গত ২৬ অক্টোবর নথি ছিনতাইয়ের অভিযোগ করেছিলেন ঋতব্রত। তিনি দাবি করেন, কমিশনের কাছে জমা দেওয়ার জন্য সড়কপথে দিল্লিতে হলফনামা নিয়ে যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা হয়েছে। নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। গোটা ঘটনার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট শিবিরের হাত থাকতে পারে বলে অভিযোগ করেন তিনি।
অন্য দিকে, বৃহস্পতিবারই অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত একটি মামলার রায়দান স্থগিত রেখেছে হাই কোর্ট। নিরাপত্তা বলয় ‘জেড প্লাস’ থেকে ‘এক্স’ ক্যাটাগরিতে নামিয়ে আনার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। দীর্ঘ সওয়াল-জবাব শোনার পর বৃহস্পতিবার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানি চলাকালীন রাজ্যের নিরাপত্তা পর্যালোচনা প্রক্রিয়া এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া একাধিক হামলার অভিযোগ নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে উচ্চ আদালত।
বিচারব্যবস্থাকে আক্রমণ করার অভিযোগ তুলে অভিষেকের বিরুদ্ধে আদালতে গিয়েছে রাজ্যও। তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলার আর্জি জানানো হয়েছে। মামলার শুনানি চলাকালীন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, “মামলাকারীর (অভিষেক) একটি সাক্ষাৎকার আদালতে পেশ করছি। আদালত অবমাননার শামিল ওই সাক্ষাৎকার। বিচারপতিদের কটাক্ষ করেছেন, নামও উল্লেখ করেছেন। আদালতকে এভাবে বোকা বানানো যায় না। এটা আদালত অবমাননা। ফৌজদারি পদক্ষেপ করা উচিত তাঁর বিরুদ্ধে।” বৃহস্পতিবার শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবীর কাছে তালিকা চান বিচারপতি রাও। তিনি বলেন, “কোন কোন বিচারক বিজেপির, তালিকা দিন অভিষেক। কোন কোন বিচারক তৃণমূলের, তারও তালিকা দিন।
তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করেন! তাঁকে বলুন তালিকা দিতে। আমি দেখে নেব। একজন সাধারণ মানুষ হলে আলাদা, কিন্তু তিনি তো সেটা নন। শিক্ষিত, একজন সাংসদ তিনি। আপনার মক্কেল তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন লিখে দিচ্ছেন! আপনার সমস্যা আছে, এখানে সমাধান না-পেলে অন্য কোর্ট আছে। সুপ্রিম কোর্ট আছে, অবকাশকালীন বেঞ্চও ছিল।”

