বানতলার চর্মনগরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে
বাংলার জনরব ডেস্ক : বানতলার চর্মনগরীতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হচ্ছে।চর্মনগরীর জ়োন ৫-এ আগুন লেগেছে বলে খবর। দমকলের ১৫টি ইঞ্জিনকে আগুন নেভানোর কাজে নামানো হয়েছে।

চর্মনগরীর এক তলার একটি গুদামে আগুন লেগেছে। সূত্রের খবর, ভিতরে কয়েক জন আটকে পড়েছিলেন। তবে তাঁদের উদ্ধার করা হয়েছে। চর্মনগরীতে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


জানা গিয়েছে, যেখানে আগুন লেগেছে সেটি একটি চামড়ার ব্যাগ তৈরির কারখানা। তার নীচের তলায় রাসায়নিক পদার্থ থাকে। আগুন লাগায় চার দিক ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গুদামের মধ্যে থেকে বেরিয়ে আসা ধোঁয়া ছড়িয়ে পড়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু।

এক তলার গুদামে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে উপরের তলাগুলিতেও। পর পর ৪টি তলায় আগুন ছড়িয়ে পড়েছে। গুদামের ভিতর দাউ দাউ করে আগুন জ্বলছে। বাইরে থেকে জানলা দিয়ে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি তবে আগুনের তীব্রতা অনেকটাই কমে গেছে।

