কলকাতার মোমিনপুরের গোষ্ঠী সংঘর্ষের তদন্তে এবার কেন্দ্রীয় এজেন্সি এনআইএ
বাংলার জনরব ডেস্ক : কলকাতার মোমিনপুরে নবী দিবসের রাতে যে অশান্তি হয়েছিল সেই অশান্তির নেপথ্যে কারা রয়েছে তার তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ দায়িত্ব নিল। সম্প্রতি এ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় হাইকোর্টের কাছে আবেদন করা হয়েছিল মোমিনপুরের ঘটনায় এন আই এ দিয়ে তদন্ত করাতে হবে। কিন্তু হাইকোর্ট সরাসরি এই তদন্তের নির্দেশ না দিয়ে বলেছিল কেন্দ্র সরকার চাইলে এনআইএকে দিয়ে তদন্ত করাতে পারে। এরই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মোমিনপুরের ঘটনায় তদন্তভার হাতে নিল এনআইএ।
যদিও কলকাতা পুলিশ এই অশান্তির পরে কড়া পদক্ষেপ নিয়েছে দু পক্ষের কম করে ৬৩ জনকে গ্রেফতার করেছে ।এরপর কেন্দ্রীয় এজেন্সি দায়িত্ব নেওয়ার ফলে মনে করা হচ্ছে আরো গ্রেফতারি বাড়বে।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার এই ব্যাপারে এনআইএ অভিযোগ দায়ের করে মামলা শুরু করেছে। বুধবার ব্যাঙ্কশাল আদালতে এই এফআইআর-এর কপি এনআইএ পেশ করতে পারে। তারই ভিত্তিতে মোমিনপুরে ফের হানা দিতে পারেন গোয়েন্দারা। সেখানকার সিসিটিভির ফুটেজ ও এলাকার কিছু ভিডিও ফুটেজ এনআইএ খতিয়ে দেখবে। পুলিশের হাতে ধৃতদেরও নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হতে পারে বলে জানিয়েছে এনআইএ।
উৎসব শেষেই অশান্তির আঁচ লেগেছিল কলকাতার (Kolkata)বুকে। মোমিনপুরের (Mominpur) ময়ূরভঞ্জ রোডে দুই গোষ্ঠীর অশান্তির জেরে প্রবল ইটবৃষ্টি হয়। পরের দিন দুপুরে ফের উত্তেজনা ছড়ায় ওয়াটগঞ্জ ও একবালপুর থানা এলাকায়। একবালপুর থানা ঘেরাও করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। ঘটনায় কলকাতা পুলিশের (Kolkata Police) উচ্চপদস্থ আধিকারিক-সহ বেশ কয়েকজন আহত হন। এতে রাজনীতির রংও লাগে।

