কলকাতা 

“ওরা তো বিজেপিরই অন্তরাত্মা, বিজেপি তো গডসের পূজারি” অখিল ভারত হিন্দু মহাসভা আয়োজিত রুবি পার্কের বিতর্কিত পুজো নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন কুনাল ঘোষ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : অখিল ভারত হিন্দু মহাসভার আয়োজিত কলকাতার রুবি পার্কের দুর্গা পুজোয় মহিষাসুর মূর্তি গান্ধীজীর আদলে তৈরি করার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের সঙ্গে আপামর বাঙালির আনন্দ, আবেগ জড়িয়ে রয়েছে। বাঙালিরা মহিষাসুরকে যে আদলে দেখে অভ্যস্ত, হিন্দু মহাসভা ঠিক উল্টো পথে হেঁটে গান্ধীজির আদলে রূপ দিয়েছে মহিষাসুরকে। যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, উঠছে সমালোচনার ঝড়।

এ প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া “এটা ঘোরতর অন্যায়। এটা পাপ কাজ হয়েছে। কোনও রকম সুস্থ রুচির সঙ্গে গোটা বিষয়টি যায় না। রাতে শুনেছি ওরা নাকি অসুর বদল করেছে। যদি করে থাকে খুবই ভাল, না হলে কড়া পদক্ষেপের মুখে পড়বে।”

কুণাল আরও বলেন, “ওরা তো বিজেপিরই অন্তরাত্মা। বিজেপি তো গডসের পূজারি।” আনন্দবাজার অনলাইন কুণালকে প্রশ্ন করে, বিজেপি তো গ্রেফতারি দাবি করছে? তখন তিনি বলেন, “বিজেপি আবার কী গ্রেফতারি দাবি করবে? ওরা তো গডসের পুজো করে। বিজেপির তো এটাই মুখ। আর গ্রেফতারির দাবিটা হল মুখোশ। ওরা হচ্ছে আদি বিজেপি। শুভেন্দুরা দলবদলু বিজেপি বলে ওদের সহ্য করতে পারছে না। এটা তো স্বাভাবিক। কিন্তু তা বলে বিজেপির আদর্শের জায়গাটা তো নষ্ট হচ্ছে না।”

এর পরই কুণালের মন্তব্য, “শুনেছি ওরা কালই অসুর বদলে দিয়েছে। যদি না বদলে থাকে, তা হলে এটা গর্হিত অপরাধ। ওরা তো বিজেপিই মুখ! এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিজেপি।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ