কলকাতা 

‘‘ইডি, সিবিআই-এর কাছে আমি মাথা নত করব না’’ সাড়ে আট ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের শেষে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত ইডির দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ শেষ করে বেরিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সোমবার ইডির মুখোমুখি হওয়ার জন্য তিনি গতকাল দিল্লি পৌঁছেছিলেন। তবে আজ সকালেই ইডির সমনের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সুপ্রিম কোর্ট মামলা গ্রহণ করেনি। ফলে ইডি র দপ্তরে যাওয়াটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়মে পরিণত হয়ে যায়।

ইডির দেওয়া সময় অনুযায়ী তিনি এদিন সকাল ১১ টা নাগাদ এনফোর্সমেন্ট ডাইরেক্টরের অফিসে পৌঁছে যান। বেলা ১১ টা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত একটানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। মূলত কয়লা পাচার তদন্তের অন্যতম সাক্ষী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছিল ই ডি। প্রায় সাড়ে আট ঘণ্টা ইডির দপ্তরে থাকার পর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদি সরকারকে নিশানা করেন। তিনি ফের বলেন মাথা নত করব না।

Advertisement

তাঁর ভাষায়, ‘‘আমাকে দ্বিতীয় বার ডেকে পাঠানো হয়েছিল। দেড় বছর আগে যা বলেছিলাম, ওই অবস্থানেই অনড়। অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চে মৃত্যুবরণ করব।’’ ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ স্পষ্ট জানালেন, ‘‘ইডি, সিবিআই-এর কাছে আমি মাথা নত করব না।’’

জেরায় অভিষেকের থেকে বেশ কিছু কাগজপত্র চাওয়া হয়েছে। তা তিনি জোগাড় করে দিয়ে দেবেন বলে বেরিয়ে এসে জানালেন অভিষেক। এর পরেই নাম না করে বিজেপি-কে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, ‘‘ইডি, সিবিআই-কে কাজে লাগিয়ে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চাইছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, আমি অন্য মেটিরিয়াল। এ সব যত করবে, আমি তত দৃঢ় প্রতিজ্ঞ হব, তত নিজের লক্ষ্যে অবিচল থাকব।’’

পাশাপাশিই, অভিষেক বলেন, ‘‘বিচারব্যবস্থার উপর আমি আস্থাশীল। আমি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতাই করছি। ওঁরা ওঁদের কাজ করছে। কিন্তু যাঁদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, প্রমাণ রয়েছে, তাঁদের ক’জনকে ডাকছে ইডি, সিবিআই। যাঁদের বিরুদ্ধে সারদার কর্ণধার লিখিত অভিযোগ করেছে, যাঁদের কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের কেন ডাকা হচ্ছে না? আমি আজ বিরোধী দলে আছি বলেই আমাকে ডাকা হচ্ছে। যাঁরা বিজেপি করেন, তাঁদের ডাকা হবে না। এ সব ধাপ্পাবাজি বেশি দিন চলবে না।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ