ভারতের পরিবর্তনের সাক্ষী আইআইটি খড়গপুর : নরেন্দ্র মোদি
খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে ‘পরিবর্তিত’ ভারতের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনালেন ‘বিকশিত ভারতের’ কথাও। প্রধানমন্ত্রী বলেন, “আইআইটি খড়্গপুর ভারতের বহু পরিবর্তনের সাক্ষী। ৭৫ বছরে গরুর গাড়ি থেকে বুলেট ট্রেনে পৌঁছে গিয়েছে ভারত।”
শনিবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গিয়েছে ১২ বছরে দেশের ৫০ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে বার করে আনার কথা, মা-বোনেদের জন্য শৌচাগার নির্মাণের কথা। বিরোধীদের নাম না-করেই মোদী বলেন, “গরিবি দূর হবে না, এটাই ধারণা ছিল। কেউ ক্ষমতা দেখায়নি গরিবি দুর করা যায়। যখন ক্ষমতায় আসি তখনই কাজ শুরুর পরিকল্পনা করি। আমরা গরিবদের শক্তিশালী করেছি।” এই সূত্রেই পড়ুয়াদের ‘ব্রেক দ্য রুল’ মন্ত্রের কথা বলেন প্রধানমন্ত্রী। সীমাবদ্ধতা কাটিয়ে নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের কথা বলেন। নিজের কথা জানিয়ে বলেন, “চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে না-পারলে আমার শান্তি নেই।”
প্রধানমন্ত্রী আরও বলেন যে, “পশ্চিমবঙ্গের মাটি এমন মাটি, যেখানে নতুন ভাবনা জন্ম নিয়েছে। পশ্চিমবঙ্গ স্বাধীনতা সংগ্রামের জায়গা। স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে উঁচুতে দেখতে চেয়েছিলেন। আকাঙ্ক্ষা থেকে আত্মনির্ভরতার এই সফর বিকশিত ভারতের আসল শক্তি।” ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর সংযোজন, “ভারতের প্রথম সাধারণ নির্বাচনের আগে আইআইটির জন্ম। আইআইটির পড়ুয়ারা দেশ গড়ার কাজে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন।” শনিবারের এই অনুষ্ঠান থেকে শিল্পায়নের প্রসঙ্গ টেনে বামেদের সরাসরি নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ, পঞ্চাশ বছর আগেই ভারতে সেমিকন্ডাক্টর তৈরির সংস্থা এসেছিল, কিন্তু লাল ঝান্ডা দেখিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার সকাল ১০টার কিছু পরে, নির্ধারিত সময়েই খড়্গপুরে পৌঁছোন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় তাঁকে স্বাগত জানান রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তবে খারাপ আবহাওয়ার কারণে প্রধানমন্ত্রীর সফরসূচিতে একটু বদল করা হয়। প্রথমে স্থির হয়েছিল যে, কলাইকুন্ডায় অবতরণের পর সেখান থেকে হেলিকপ্টারে আইআইটি খড়্গপুরের হেলিপ্যাডে পৌঁছোবেন মোদী। কিন্তু বৃষ্টির কারণে সড়কপথে তিনি আইআইটিতে পৌঁছোন।
খড়্গপুর আইআইটি-তে ডাক্তারির কোর্স চালু হয়েছে। ওই কোর্সের পঠনপাঠন যেখানে হবে, সেই চত্বর ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। কথা বলেন আইআইটির প্রায় ৭৫ জন পড়ুয়ার সঙ্গেও। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ। আইআইটি খড়্গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেন।
খড়্গপুর আইআইটির প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে ৭৫ টাকার বিশেষ স্মারক মুদ্রা উন্মোচন করেন প্রধানমন্ত্রী। বিশেষ স্মারক মুদ্রাটি তৈরি করা হয়েছে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ রুপো দিয়ে। মুদ্রাটির ওজন ৪০ গ্রাম এবং ব্যাস ৪৪ মিলিমিটার। এর প্রান্তে রয়েছে ২০০টি খাঁজ। মুদ্রার এক দিকে রয়েছে অশোক স্তম্ভের সিংহমূর্তি, অন্য দিকে রয়েছে আইআইটি খড়্গপুরের প্ল্যাটিনাম জয়ন্তীর লোগো।

