দেশ 

২৩ নভেম্বর কোয়েম্বাতুরে অনুষ্ঠিত হতে চলেছে ওমেন ইন্ডিয়া মুভমেন্টের চতুর্থ জাতীয় প্রতিনিধি পরিষদ

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : কোয়েম্বাটুর: এসডিপিআই-এর মহিলা শাখা ওমেন ইন্ডিয়া মুভমেন্টের (WIM) চতুর্থ জাতীয় প্রতিনিধি পরিষদ আগামী সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, তামিলনাড়ুর কোয়েম্বাতুরের আয়েশা মহল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে।

নারীদের রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে ২০১৬ সালের ১০ জানুয়ারি ওমেন ইন্ডিয়া মুভমেন্ট প্রতিষ্ঠিত হয়। গত দশ বছর ধরে সংগঠনটি বুথ স্তরে নিরলসভাবে কাজ করে চলেছে। নারীদের বিভিন্ন সমস্যা নিয়ে গভীরভাবে অধ্যয়ন করার পাশাপাশি সেই সমস্যাগুলির সম্ভাব্য সমাধানের পথ খোঁজার কাজও করে আসছে এই আন্দোলন।

WIM বিশ্বাস করে, নারীদের মধ্যে সামাজিক কাজের মাধ্যমে সচেতনতা গড়ে তোলা এবং তাঁদের শিক্ষাগত, সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব হবে, যা সমাজের অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বর্তমানে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট দেশের ১৩টি রাজ্যে সক্রিয় একটি শক্তিশালী রাজনৈতিক মহিলা সংগঠনে পরিণত হয়েছে। জাতীয় স্তর থেকে শুরু করে রাজ্য, জেলা, বিধানসভা কেন্দ্র এবং শাখা স্তর পর্যন্ত WIM-এর একটি সুসংগঠিত সাংগঠনিক কাঠামো রয়েছে।

গত আগস্ট মাস থেকে শুরু হওয়া সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে শাখা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সংগঠনের নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় পরিষদের সভায় নতুন জাতীয় নেতৃত্ব নির্বাচিত হবে। পাশাপাশি সংগঠনের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আন্দোলনের আগামী দিনের দিশা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫০ জন প্রতিনিধি এই পরিষদে অংশগ্রহণ করবেন।

সকাল ১১টায় এসডিপিআই-এর জাতীয় সভাপতি এম. কে. ফাইজির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে পরিষদের আনুষ্ঠানিক সূচনা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এসডিপিআই-এর জাতীয় সাধারণ সম্পাদক আবদুল মাজিদ ফাইজি, ইয়াসমিন ফারুকি এবং এসডিপিআই-এর তামিলনাড়ু রাজ্যের কার্যকরী সভাপতি আসা উমর ফারুক।

এদিন সন্ধ্যা ৬টায় নবনির্বাচিত জাতীয় নেতৃত্বকে অভিনন্দন জানাতে একটি সংবর্ধনা সম্মেলনের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে হাজার হাজার মহিলা অংশগ্রহণ করবেন। জাতীয় ও রাজ্য স্তরের নেতৃবৃন্দ সম্মেলনে বক্তব্য রাখবেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ