প্রধান বিচারপতিকে অবমাননাকর’ পোস্ট করার অভিযোগে কেরলমের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নোটিস দিল শীর্ষ আদালত!
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে ‘অবমাননাকর’ পোস্ট করার অভিযোগ। কেরলমের প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নোটিস দিল শীর্ষ আদালত। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ করা হবে না, তা জানতে চেয়েছে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ।
গত ১২ অক্টোবর কেরলম প্রদেশ কংগ্রেসের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে প্রধান বিচারপতির উদ্দেশে লেখা হয়, “প্রিয় সূর্য কান্ত, যদি আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় আপনার এক্তিয়ারের মধ্যে না পড়ে, তা হলে পদত্যাগ করুন। আমরা আপনার বিকল্প খুঁজে নেব, যিনি এটা সামলাতে পারবেন।”
শুক্রবার ওই মামলার শুনানিতে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “সংবিধানের স্থান সবার উপরে। কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের স্থান তার ঊর্ধ্বে নয়।” একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, আদালতের সিদ্ধান্তের সমালোচনা হতেই পারে। কিন্তু বাক্স্বাধীনতাকে বিচারবিভাগের কাজে হস্তক্ষেপ করার কাজে ব্যবহার করা যায় না।
শীর্ষ আদালত স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে, আদালতের গরিমাকে ক্ষুণ্ণ করার চেষ্টা হলে কঠোর ভাবে তার মোকাবিলা করা হবে। এই সূত্রে দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, “আইনের শাসন আদালতের শক্তির জায়গা। আদালতের রাজনৈতিক সমর্থনের প্রয়োজন নেই।”
কেরলমের প্রদেশ কংগ্রেস সভাপতি, সম্পাদক-সহ শীর্ষস্থানীয় একাধিক পদাধিকারীর কাছে আদালতের নোটিস গিয়েছে। কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে পদক্ষেপ করা হবে না, তা জানাতে হবে প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।

