বাদুড়িয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ৭ম মাতৃবন্দনা ও ৪র্থ মাতৃসম্মান অনুষ্ঠান পালিত
এস রোজলিন: কলকাতা: বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখাকেন্দ্রের উদ্যোগে মহাসপ্তমীর দিনে মহাসমারোহে পালিত হল ৭ম বার্ষিক ‘মাতৃবন্দনা’ ও ৪র্থ বার্ষিক ‘মাতৃসম্মান’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের নিপ্পন বেদান্ত কিয়োকাই-এর অধ্যক্ষ স্বামী মেধসানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া কুলীনগ্রামের সন্ন্যাসী স্বামী পরার্থানন্দ এবং স্বামী সদগীতানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সেবাশ্রমের সভাপতি দুর্গাপদ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হরিদাস মণ্ডল, শাখাকেন্দ্রের সভাপতি মনোরঞ্জন রায়, সম্পাদক শোভন হালদার, শিক্ষক দীপক কুমার রায়, পঙ্কজ কুমার ঘোষ, বাদুড়িয়ার ভূমিপুত্র তথা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ভবতোষ সরকার সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক অয়ন বিশ্বাস।
এবছর ‘মাতৃসম্মান’-এ ভূষিতা হলেন গীতা তরফদার। সকাল থেকেই যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে সঙ্গীত, নৃত্য পরিবেশন এবং নরনারায়ণদের আরতির মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
এদিন স্বামীজীর বাণীকে সামনে রেখে শিবজ্ঞানে জীবসেবার মহান আদর্শের কথা তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। মাতৃশক্তির বন্দনা ও নারীজাতিকে দেবীজ্ঞানে সম্মান জানিয়ে প্রায় দেড়শত নারীকে নববস্ত্র, মিষ্টান্ন ও ফলের অর্ঘ্য প্রদান করা হয়।অনুষ্ঠানের সূচনা হয় সম্প্রতি কলকাতার চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তিকামনার মাধ্যমে এবং সমাপ্তি ঘটে সম্প্রীতি ও বিশ্বশান্তির বার্তা দিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত অভিনেতা বিশ্বনাথ বসু অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই সংগঠনের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন। এলাকাবাসীর কাছে এই অনুষ্ঠানটি আবেগ ও ভালোবাসার এক বিশেষ স্থান করে নিয়েছে।

