জেলা 

মমতার জেলা সফর শুরু, শ্রীরামপুরে সভার আগে গ্রেফতার তৃণমূল নেত্রী!

শেয়ার করুন

শ্রীরামপুরে শনিবার বিকেলে জনসভা করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে রিষড়ায় গ্রেফতার করা হল এলাকার এক তৃণমূল নেত্রীকে। চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ডানকুনি থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে টুম্পা মেটেকে। তিনি তৃণমূলের হুগলি জেলা পরিষদের প্রাক্তন সদস্য। স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য চাকরিপ্রাপকের তালিকাতেও তাঁর নাম ছিল বলে অভিযোগ।

টুম্পার বিরুদ্ধে চাকরির নামে প্রতারণার অভিযোগ ছিলই। রিষড়ার বামুনারি এলাকায় তাঁর বাড়িতে শুক্রবার রাতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে প্রতারণার অভিযোগ টুম্পা মানতে চাননি। এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁর সংক্ষিপ্ত জবাব, ‘‘সব মিথ্যা কথা।’’ গ্রেফতারির নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা এবং চক্রান্ত দেখছেন টুম্পা। বলেছেন, ‘‘সারা বাংলায় যা হচ্ছে, আমার ক্ষেত্রেও তা-ই হয়েছে।’’

বিকেলে শ্রীরামপুর কোর্টের মাঠে সভা করবেন মমতা। পুলিশের অনুমতি না মেলায় তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত সর্বোচ্চ এক হাজার লোক নিয়ে সভা করার অনুমতি আদালত দিয়েছে। গত দু’দিন ধরে মাঠে তার প্রস্তুতি চলছে। মঞ্চ বাঁধা হচ্ছে ডেনিস গভর্নর হাউসের সামনে। মমতার সভার তদারকির দায়িত্বে আছেন হুগলি জেলা মমতা তৃণমূলের আহ্বায়ক তথা প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি জানান, ঝড়বৃষ্টির মধ্যেই সভার তোড়জোড় চলছে। দলনেত্রী ৪টের আগে পৌঁছে যাবেন শ্রীরামপুরে। আদালতের নির্দেশ মেনেই সভা হবে। অসিতের কথায়, ‘‘অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের সভার প্রস্তুতি সারতে হচ্ছে। পুলিশ কোনও অনুমতি দেয়নি। হাই কোর্টের নির্দেশ মেনে যা করার করছি। বিচারব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। হাই কোর্ট আমাদের এক হাজার লোক নিয়ে জমায়েত করার অনুমতি দিয়েছে। সেই মতো আমরা এক হাজার দলীয় কর্মী নিয়ে সভা করব। এখন লোকে যদি দিদিকে দেখতে আসে, সেটা আলাদা ব্যাপার।’’

সভাস্থল থেকে বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন অসিত। বলেছেন, ‘‘এরা তো চুরি করে ভোটে জিতেছে। যদি সৎ ভাবে জিতত, অন্য দলের সভা আটকাত না। আমাদের সময় তো বিজেপি সভা করেছে। পুলিশ কোথাও আটকায়নি। আজ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শুরু হচ্ছে। তাঁর নির্দেশেই আমরা কাজ করব।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ