Bengal Weather Update: সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!
সোমবার থেকেই ফের দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি সম্ভবনা। রাজ্যে এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার প্রভাবেই বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েক জেলায় মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের সতর্কতা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন বলছে, শ্রীগঙ্গানগর থেকে সাতনা, ডাল্টনগঞ্জ হয়ে মৌসুমি অক্ষরেখা এ রাজ্যের বাঁকুড়া হয়ে ত্রিপুরায় চলে গিয়েছে। এই আবহে দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। আগামী ২৪ ঘণ্টায় সেটি পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে সরতে থাকবে। গুজরাত থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আরও একটি অক্ষরেখা, যা এ রাজ্যের উপর দিয়ে গিয়েছে। এই ত্রিফলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। উত্তরবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলতে পারে দুর্যোগ।
সোমবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই চার জেলায় কমলা সতর্কতা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়ায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার জন্য কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায়। কলকাতা-সহ বাকি জেলাতেও রয়েছে ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি কিছুটা ধরবে। তবে থামবে না।
সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিন জেলাতেও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহে ভারী বৃষ্টি হতে পারে মঙ্গলবারও। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি চলবে।

