তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে সাত সকালে ইডি হানা!
তৃণমূল সাংসদ নাদিমুল হকের বাড়ি, অফিসে এ বার হানা দিল ইডি। সোমবার সকাল থেকে কলকাতা, দিল্লি এবং রাঁচীতে তল্লাশি শুরু করেছেন ইডির আধিকারিকেরা। সব মিলিয়ে আটটি ঠিকানায় অভিযান চলছে। প্রতিটিই তৃণমূলের রাজ্যসভার সাংসদের সঙ্গে সম্পর্কিত বলে তদন্তকারী সংস্থা সূত্রে খবর।
কোন মামলার সূত্র ধরে এ দিনের অভিযান, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইডি। তবে তৃণমূল সাংসদ একটি সংবাদপত্রের সঙ্গে জড়িত। সেই সূত্র ধরেই তল্লাশি শুরু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। গত অগস্ট মাসে এই সংক্রান্ত বিষয়ে আর্থিক অনিয়মের একটি অভিযোগও দায়ের হয়েছিল।
সোমবার সকালে কলকাতার পার্ক সার্কাসের একটি ঠিকানায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। শহরে আরও দু’টি ঠিকানায় অভিযান চলছে বলে খবর। দিল্লিতেও নাদিমুলের বাড়ি-অফিস মিলিয়ে মোট চারটি ঠিকানায় অভিযান চলছে। এ ছাড়া রাঁচীতেও তল্লাশি শুরু করেছেন আধিকারিকেরা।
উল্লেখ্য, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে সাংসদের যে বাড়িটি রয়েছে, সেটি তৃণমূলের (কালীঘাট শিবিরের) পার্টি অফিস হিসেবে ব্যবহার হয়। কয়েক মাস আগেই দিল্লিতে কালীঘাট তৃণমূলের অফিস সরিয়ে আনা হয়েছে নাদিমুলের বাংলোয়। আগে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বাংলোর একটি অংশকে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করত জোড়াফুল শিবির। দলে ভাঙনের পরে গত জুনে কালীঘাট শিবিরের নতুন কার্যালয় করা হয় রাজ্যসভার সাংসদ নাদিমুলের বাংলোর একটি অংশে।
পার্ক সার্কাসে যে ঠিকানায় অভিযান চলছে, সেখানে ওই সংবাদপত্রের একটি দফতর রয়েছে বলে সূত্রের খবর। ওই ঠিকানার বাইরে সংবাদপত্রটির একটি হোর্ডিং রয়েছে। সেখানে লেখা, উর্দুভাষার ওই সংবাদপত্রটি কলকাতা, দিল্লি, রাঁচী, আসানসোল, শিলিগুড়ি, ভোপাল, লখনউ এবং শ্রীনগর থেকে প্রকাশিত হয়। সংবাদপত্রটির রেজিস্টার্ড অফিস রয়েছে কলকাতার ১২, দরগা রোডে।

