কলকাতা 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ!

শেয়ার করুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর রুজু হল হেস্টিংস থানায়। আদালতের নির্দেশ অবমাননা-সহ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, কাজে বাধা এবং আদালতের নির্ধারিত সময়ের পরেও অনুষ্ঠান চালিয়ে যাওয়ার অভিযোগ। মমতা ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এফআইআর করা হয়েছে।

হাই কোর্টের নির্দেশ মতো শুক্রবার কলকাতায় ক্যাথিড্রাল রোডে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবসের সভা করে কালীঘাট শিবির। ওই কর্মসূচির জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল আদালত। হাই কোর্টের নির্দেশ ছিল, রাস্তার উত্তরমুখী লেন খোলা রেখে অনুষ্ঠান করতে হবে। কিন্তু বাস্তবে দেখা যায়, উভয় দিকের লেনই বন্ধ হয়ে যায়। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সভার অনুমতি দিয়েছিল আদালত। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও কর্মসূচি শেষ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিরও অভিযোগ উঠেছে। এ সবের প্রেক্ষিতে মমতা এবং সভার উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল পুলিশ।

অভিযোগ, সভা চলাকালীন কর্মী-সমর্থকদের উসকানি দেন মমতা। তার জেরে উত্তেজিত জনা ব্যারিকেড সরিয়ে পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এই বিশৃঙ্খল পরিস্থিতির জেরে ক্যাথিড্রাল রোডে যানচলাচলও বিঘ্নিত হয় বলে জানাচ্ছে পুলিশ।

ক্যাথিড্রাল রোডের ওই ঘটনায় আগেই মমতার বিরুদ্ধে পদক্ষেপের হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, হাই কোর্টের নির্দেশ ভেঙেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ওই ঘটনায় এফআইআর দায়ের করার জন্যও পুলিশকে নির্দেশ দেন তিনি। শুক্রবার এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, “দেখলেন না আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী ভাবে হাই কোর্টের অর্ডারকে ভাঙলেন! রাস্তার একটি ফ্ল্যাঙ্ক ছেড়ে করতে বলেছিল। এক দম গাছের নীচে থাকা লোককে ডেকে রাস্তা বন্ধ করিয়ে কী করলেন! আমি পুলিশকে বলেছি এফআইআর রেজিস্ট্রার করতে এবং ওনার বিরুদ্ধে হাই কোর্টে মুভ করতে। ছাড়া হবে না।”

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ