আর জি কর মেডিকেল কলেজ থেকে উধাও দুই রোগী! ঘটনায় চাঞ্চল্য
বাংলার জনরব ডেস্ক : আর জি কর মেডিকেল কলেজে দুই রোগী চিকিৎসাধীন ছিলেন। কিন্তু হঠাৎ হাসপাতালে বেড থেকে উধাও হয়ে যায় দুই রোগী। এই ঘটনাকে কেন্দ্র করে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে (RG Kar Medical College Hospital) ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ওই দুই রোগী কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল চত্বর ছেড়ে চলে গিয়েছেন, অর্থাৎ তাঁরা ‘পলাতক’ (Patient absconding)। নিখোঁজ রোগীদের মধ্যে এক জন প্রৌঢ় এবং অপর জন এক নারী।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ মহিলার নাম দীপান্বিতা রায় চিৎপুরের বাসিন্দা। তিনি আরজি করের (RG Kar Hospital) ট্রমা কেয়ার ইউনিট (TCU)-তে ভর্তি ছিলেন। শুক্রবার রাত থেকেই তাঁর আর কোনও হদিস মিলছিল না। বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি চিৎপুর থানায় লিখিত ভাবে জানানো হয়। অপর দিকে নিখোঁজ প্রৌঢ়ের নাম বিমল ঘোষ (৫১)। জ্বর এবং হৃদযন্ত্রের জটিলতা নিয়ে অন্য একটি হাসপাতাল থেকে স্থানান্তরিত (রেফার) করে তাঁকে আরজি করের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার পরিবারের লোকজন হাসপাতালে বিমলবাবুর সঙ্গে দেখা করতে এসে দেখেন বেডে তিনি নেই। তৎক্ষণাৎ বিষয়টি কর্তব্যরত নার্সদের জানানো হয়। চারিদিকে খোঁজাখুঁজির পরও কোনও সন্ধান না মেলায় শেষপর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ।
কিন্তু কীভাবে নিরাপত্তা এড়িয়ে চিকিৎসাধীন অবস্থায় দু’জন উধাও হয়ে গেলেন? এই প্রসঙ্গে শনিবার হাসপাতালের এক আধিকারিক স্পষ্ট করেন, শুক্রবারই ওই দুই রোগীর ছুটি হওয়ার কথা ছিল। হাসপাতালের নিয়ম অনুযায়ী, যাঁদের বিকেলের দিকে ডিসচার্জ করা হয়, তাঁদের দুপুরের খাবার শেষ করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু অনুমান করা হচ্ছে, দীপান্বিতা ও বিমল দু’জনের কেউই খাবার না খেয়ে তার আগেই হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছেন। তাই নিয়ম অনুযায়ী বিষয়টিকে ‘অ্যাবসকন্ডিং কেস’ হিসেবেই পুলিশের খাতায় নথিভুক্ত করা হয়েছে।
হাসপাতালের নিরাপত্তা তো বটেই ওয়ার্ডের নজরদারি এড়িয়ে দুই রোগীর এভাবে চলে যাওয়া নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। সামগ্রিক পরিস্থিতির গুরুত্ব বুঝে করে আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় শনিবার জানান, গোটা বিষয়টি নিয়ে তিনি একটি বিস্তারিত রিপোর্ট তলব করেছেন।

