‘‘ জীবনে অনেক সমস্যা আসবে,কিন্তু জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।’’ : নরেন্দ্র মোদি
তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কান্ডারি তাঁরাই। আর তাঁদেরকেই দেশের প্রয়োজন। দিল্লি আইআইটির সমাবর্তন অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং ছাত্রদের বিক্ষোভের পর সমাজমাধ্যমে তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিয়েছিলেন, তাঁদের সঙ্গে সংযোগস্থাপনের প্রচেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু এ বার প্রকাশ্য জনসভায় তরুণ প্রজন্মের উদ্দেশে বার্তা দিতে দেখা গেল তাঁকে।
বিকশিত ভারত গড়ে তুলতে তরুণেরাই যে ভরসা এবং তাঁদের প্রতি দেশবাসীর যে অগাধ আস্থা রয়েছে, সেই বার্তাও দিয়েছেন মোদী। তিনি বলেন, ‘‘আপনাদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আপনাদের মতো তরুণ প্রজন্মকে এ দেশের প্রয়োজন।’’ পুঁথিগত পরীক্ষার সঙ্গে জীবনের পরীক্ষার যে বিস্তর ফারাক সেই পাঠও দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের কোনও সিলেবাস নেই। জীবনের সব কিছুই ‘আউট অব দ্য সিলেবাস’ বলেও মন্তব্য করেন মোদী।
প্রধানমন্ত্রীর কথায়, ‘‘ জীবনে অনেক সমস্যা আসবে। সবাইকে সতর্ক থাকতে হবে। ক্যাম্পাসের জীবন এবং ক্যাম্পাসের বাইরের জীবনে ফারাক রয়েছে। আইআইটি পরীক্ষার সিলেবাস আছে। কিন্তু জীবনের পরীক্ষার সব কিছু সিলেবাসের বাইরে। ক্যাম্পাস-জীবনে সব কিছু পরিষ্কার থাকত আপনাদের কাছে। কোনটা পড়তে হবে, কী পরীক্ষা দিতে হবে। সব আগে থেকে জানতেন। কিন্তু জীবনের কোনও প্রশ্নপত্র থাকে না।’’
তিনি জানান, প্রত্যেক প্রজন্মের দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব হওয়া উচিত দেশের উন্নয়নের স্বার্থে। প্রধানমন্ত্রীর কথায়, ‘‘আপনারা প্রত্যেকেই জানেন, প্রতি প্রজন্মের সামনে সেই সময়ের চ্যালেঞ্জ আসে। চ্যালেঞ্জের সঙ্গে নিজেদের বদলাতে হবে। আগামী দিনে আপনারা যা করবেন, সেটাই বিকশিত ভারতের রাস্তা দেখাবে। তাই আপনারা এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশের উন্নয়নের স্বার্থে কাজে লাগে।’’
অর্থনীতি, প্রযুক্তি-সহ বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর হওয়ার জন্য কাজ করছে দেশ। আর এটাই বিকশিত ভারতের লক্ষ্য বলে বার্তা প্রধানমন্ত্রীর। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘‘বিকশিত ভারতের এই সফরে আপনাদের ভূমিকা অনেক বড়। দেশের তরুণ প্রজন্ম যত শক্তিশালী হবে, দেশও তত শক্তিশালী হবে।’’
উল্লেখ্য, নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তার জেরে দিল্লির যন্তর মন্তরে সিজেপি এবং পড়ুয়াদের আন্দোলনে উত্তাল ছিল গোটা দেশ। কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন। কিন্তু তার পরেও আন্দোলন চলে দেশের শিক্ষাব্যবস্থা এবং পরীক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলে।

