ঢাকায় ফিরছেন হাসিনা! বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) পূর্ব ঘোষণা মত বুধবার সন্ধ্যায় দিল্লিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন। প্রেস কনফারেন্সে তিনি তাঁর দেশে ফেরার বিষয়ে বিস্তারিত জানাবেন।
মঙ্গলবার ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। বুধবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া আয়োজিত অনুষ্ঠানের হাসিনার সঙ্গে পুত্র জয়ও ভার্চুয়ালি সংযুক্ত থাকবেন। ওই অনুষ্ঠান নিয়ে বাংলাদেশ সরকার নানাভাবে বাধা সৃষ্টি করছে বলে সমাজ মাধ্যমে অভিযোগ করেছেন হাসিনা পুত্র।
অচেনা পুত্র জয় ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ঘোষণায় ভীত হয়ে বাংলাদেশের তথাকথিত সরকার জনগণের কষ্টের টাকায় পিআর (Public Relations) ফার্ম ভাড়া করে বহির্বিশ্বের সাংবাদিকদের নানা রকম মিথ্যা তথ্য দিচ্ছে, যে শেখ হাসিনার সংবাদ সম্মেলন হচ্ছে না। তিনি যুক্ত হবেন না। একই সঙ্গে তারা বাংলাদেশের মিডিয়াকেও হুমকি ধামকি অব্যাহত রেখেছে, মামলা হামলার ভয় দেখাচ্ছে।’
জয় আরও লিখেছেন, ‘আমরা দেশবাসী ও বিশ্ব মিডিয়ার সব সাংবাদিকদের জানাতে চাই, আগামীকাল ৫ অগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় (ভারতীয় সময় সন্ধ্যা ৬’টা), জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণা নিয়ে প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি সংযুক্ত হবেন, কথা বলবেন।
প্রেস কনফারেন্স যথা সময়েই শুরু হবে। বাংলাদেশ আওয়ামী লিগ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রেস কনফারেন্স লাইভ করবে। সবধরণের ষড়যন্ত্র আর অতিকথনের জবাব জননেত্রী শেখ হাসিনা নিজ মুখেই দেবেন।’
ঘটনা হল মঙ্গলবারই ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিক বৈঠকে বলেছেন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাংলাদেশ মিডিয়ার ওপর আদালতে নিষেধাজ্ঞা আছে। হাসিনার বুধবারের অনুষ্ঠানের প্রচার না করতে তিনি সাংবাদিকদের সতর্ক করে দেন। তিনি বলেন আদালতের রায় লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

