৮৫ বছর বয়সে বিদায় নিলেন প্ৰখ্যাত শিল্পী ও বিদগ্ধ পন্ডিত আব্দুল হাই মিস্ত্রি
এস এম শামসুদ্দিন : হাওড়া জেলার উনসানি গ্রামের তথা হাওড়া জেলার প্ৰখ্যাত শিল্পী ও ইসলামী শাস্ত্রের বিদগ্ধ পন্ডিত আব্দুল হাই মিস্ত্রি গতকাল সকালে উনসানি গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ আসর বাদ অনুষ্ঠিত হয়, উনসানি গ্রামের তাঁদের পারিবারিক কবরস্থানে তাঁর মরাদেহ সমাহিত করা হয়। বাংলার প্ৰখ্যাত আলেম ও পাঁশকুডা দারুল উলুম মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আজিজুল হক কাসেমি সাহেব তাঁর আত্মার শান্তির জন্য দুআ করেন এবং অগাধ পাণ্ডিত্যের কথা বলতে গিয়ে বলেন আব্দুল হাই মিস্ত্রি সাহেব ছিলেন একজন চলমান লাইব্রেরি, আমি আমার লেখা একধিক বই লেখার সময়ে কোনও তথ্য জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ বইয়ের অনুচ্ছেদ সহ বলে দিতেন।
আব্দুল হাই মিস্ত্রি সাহেব উনসানি গ্রামের রেডিমেড পোশাক শিল্প প্রধান পরিবেশ ও পরিবারে জন্মগ্রহণ করেন।এবং পারিবারিক সূত্রেই তিনি পোশাক শিল্পের একজন নিপুন দক্ষ শিল্পী হিসেবে নিজেকে প্রস্তুত করেন এবং কলকাতার নিউ মার্কেট সংলগ্ন স্থান হার্ড ফোর্ড লেনে *নিউ আর্ট সেন্টার*, আব্দুল হাই মিস্ত্রি সাহেব এমন একজন বিরল প্রতিভার ব্যতিক্রমী দক্ষ কারিগর ছিলেন যে তাঁর শিল্প দক্ষতায় মুগ্ধ বহু বিখ্যাত ব্যক্তিরা তাঁর কাছে আসতেন। রিলায়েন্স গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির স্ত্রী কোকিলা বেন কলকাতায় পা রাখলে তিনি এসে আব্দুল হাই মিস্ত্রির সঙ্গে দেখা শুধু নয় তাঁর হাতের তৈরী পোশাক নিতেন।

এ ছাড়াও ৪ নম্বর হার্ড ফোর্ড লেনে তাঁর কাছে আসতেন বহু বিখ্যাত শিল্পীগণ। উস্তাদ আমজাদ আলী খাঁন তাঁর হাতের তৈরী পাঞ্জাবী পরে অনুষ্ঠান করতে যেতেন। এছাড়া বাংলা চলচিত্রের একদা বিখ্যাত নায়িকা সন্ধ্যা রায় , হিন্দি ছায়াছবির নায়িকা শশিকলা গুজরাটি ঘাকরারুপোর নিপুন হাতের কাজের ঘাগরা নিতে আসতেন।

