প্রবল বৃষ্টিতে শহর কলকাতা জলমগ্ন!
সক্রিয় হয়ে গিয়েছে মৌসুমি বায়ু। বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি না হলেও প্রথম সপ্তাহেই তার দেখা মিলল। শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টিও হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই শহরে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। ইএম বাইপাস, মা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। এরই মধ্যে, কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছেন ২ জন গ্রাউন্ড স্টাফ।
ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরেই বজ্রপাতে আহত হন ওই ২ গ্রাউন্ড স্টাফ। তাঁদের বিমানবন্দরের তরফে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাঁদের একজনের আঘাত অতটা গুরুতর না হলেও অন্য জনের আঘাত একটু বেশি বলে সূত্রের খবর। এখন দুজনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে , প্রয়োজনে তাঁদের হাসপাতালে ভর্তি করানো হতে পারে।
জানা গিয়েছে, বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এ ছাড়াও দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই জমা জল পাম্প করে সরানোর কাজ শুরু করেছে। কন্ট্রোল রুমও খোলা হয়েছে। শহরের জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আলিপুর চিরিয়াখানার ভিতরে একটি অংশে ড্রেনের পাইপে ফুটো হয়ে যাওয়া এবং বৃষ্টির কারণে জল জমে যায়। আধিকারিকদের নির্দেশ নিয়ে দ্রত জল নিকাশির ব্যবস্থা করেন মন্ত্রী অগ্নিমিত্রা।
বৃষ্টিতে কলকাতায় জল জমা নিয়ে অগ্নিমিত্রা বলেন, “কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যাঁরা অসুবিধায় পড়ছেন তাঁরা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন, পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে জানান। আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে আমাকে জানান । শুভেন্দু অধিকারীর সরকার সব বিষয়ে তৎপর রয়েছে। যেখানে সমস্যা হবে, জানলে আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব।’’
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে দক্ষিণ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

