কলকাতা 

স্বাক্ষর বিতর্কে সিআইডি তদন্তে গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে আদালতে অভিষেক!

শেয়ার করুন

বিধানসভায় স্বাক্ষর বিতর্কে এ বার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি তদন্তে আদালতের কাছে রক্ষাকবচ চেয়েছেন তিনি। যাতে সিআইডি তাঁকে গ্রেফতার না-করতে পারে, সেই আবেদন জানিয়েছেন। তাঁকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাই কোর্টের বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চ। সেখানেই শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েক জন বিধায়কের সইতে ‘অসঙ্গতি’ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। সেই তদন্তভার রাজ্য সরকার তুলে দিয়েছে সিআইডি-র হাতে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে ওই চিঠিতে অভিষেকের স্বাক্ষর ছিল। গত শনিবার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়িতে গিয়েছিল সিআইডি। তাঁকে একটি নোটিস ধরিয়ে দিয়ে আসেন গোয়েন্দারা। সোমবার তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু অভিষেক নির্দিষ্ট সময়ে হাজিরা দেননি। সূত্রের খবর, তিনি তদন্তকারী সংস্থার কাছে সময় চেয়েছিলেন। তার পর বুধবার তিনি আদালতের দ্বারস্থ হলেন। সূত্রের খবর, সিআইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন অভিষেক। রক্ষাকবচের আবেদন জানিয়েছেন।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ