কলকাতা 

অভিষেকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

শেয়ার করুন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। ভিডিয়ো ফুটেজ দেখে তাঁদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এ ছাড়াও তিন জনকে আটক করা হয়েছে। গ্রেফতারির সংখ্যা আরও বাড়তে পারে। স্বতঃপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিষেক বা তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হলেন আকাশ গায়েন, কাজল, দেবাশিস এবং জয় সেনগুপ্ত। আঘাত করা, বেআইনি ভাবে জমায়েত করা, পথ আটকানো, গালিগালাজ প্রভৃতি ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

শনিবার সোনারপুরে ভোটপরবর্তী হিংসায় নিহত এক তৃণমূলকর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। এলাকায় পৌঁছোতেই তাঁকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছোড়া হয়। পাথরও ছোড়েন কেউ কেউ। সঙ্গে চলে ‘চোর চোর’ স্লোগান। আঘাত থেকে বাঁচতে অভিষেক মাথায় হেলমেট পরে নিয়েছিলেন। তার পরেও ধস্তাধস্তিতে তাঁর জামা ছিঁড়ে যায়। নিহত তৃণমূলকর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দীর্ঘ ক্ষণ সেখানেই বসেছিলেন অভিষেক। বিকেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, হামলা বিজেপির পরিকল্পিত। আগে থেকেই অভিষেকের সফরের কথা জেনে তাঁরা তৈরি ছিলেন। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।

পুলিশ সূত্রে খবর, অভিষেকের উপর হামলার ঘটনায় সোনারপুর থানা একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছিল। এলাকার ভিডিয়ো ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তার মাধ্যমেই চিহ্নিত করে ছ’জনকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ